ঢাকার ধামরাইয়ে যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকালে ‘আলোকিত যাদবপুর’ সংগঠনের উদ্যোগে উপজেলার যাদবপুর ভুবন মোহন উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
যাদবপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন থানার সাব-ইন্সপেক্টর (এসআই) নায়েবুল ইসলাম এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মীর শফিকুল ইসলাম শিহাব।
আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে আলোকপাত করেন।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, ‘মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। যুবসমাজকে এ সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে আইনশৃঙ্ক্ষলা বাহিনীর পাশাপাশি অভিভাবক ও সমাজকর্মীদের এগিয়ে আসতে হবে।’
নায়েবুল ইসলাম মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন এবং যেকোনো মাদকসংক্রান্ত তথ্যের জন্য পুলিশকে সহায়তার আহ্বান জানান।
শিক্ষক মীর শফিকুল ইসলাম শিহাব শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার ওপর জোর দিয়ে সুস্থ সাংস্কৃতিক চর্চা বাড়ানোর তাগিদ দেন।
আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাদক মুক্ত সমাজ গড়ার শপথ নেন তরুণরা।
কেকে/এআই