দীর্ঘ বিরতির পর আবারও বড়পর্দায় ফিরছেন ঢাকাই সিনেমার একঝাঁক প্রথিতযশা অভিনেতা-অভিনেত্রী। মোহাম্মদ ইকবালের পরিচালনায় নির্মিতব্য ‘গুলশানের চামেলি’ সিনেমায় দেখা যাবে বাপ্পারাজ, আমিন খান, রোজিনা, ওমর সানীসহ একাধিক জনপ্রিয় তারকাকে।
সম্প্রতি জাঁকজমকপূর্ণ মহরত অনুষ্ঠানের মাধ্যমে ‘গুলশানের চামেলি’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেন নির্মাতা মোহাম্মদ ইকবাল। সেখানেই বাপ্পারাজের অভিনয়ের বিষয়টি জানান তিনি। দীর্ঘদিন পর বড়পর্দায় বাপ্পারাজকে দেখা যাবে এই সিনেমার মাধ্যমে।
এ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের। পাশাপাশি দীর্ঘ বিরতি কাটিয়ে বড়পর্দায় ফিরছেন অভিনেতা আমিন খানও।
তারকাবহুল এই সিনেমায় আরও অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেত্রী রোজিনা, ওমর সানী ও আজমেরী হক বাঁধন। সিনেমাটিতে বাপ্পারাজের চরিত্রটি কেমন হবে, তা অবশ্য এখনই প্রকাশ করতে চাননি নির্মাতা।
মোহাম্মদ ইকবাল বলেন, “চিত্রনাট্য ও চরিত্রের প্রয়োজন বিবেচনা করেই বাপ্পারাজকে নির্বাচন করা হয়েছে।”
‘গুলশানের চামেলি’ সিনেমাটি মূলত রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার জীবনের বাস্তবতা নিয়ে নির্মিত হচ্ছে। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করছে অ্যাক্সেল ফিল্ম প্রোডাকশন। এর প্রযোজক জাহাঙ্গীর শিকদার।
নির্মাতা মোহাম্মদ ইকবাল জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। আগামী বছর ঈদুল ফিতর বা ঈদুল আজহার যেকোনো একটিতে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
কেকে/সাশ