গাজীপুরের টঙ্গীতে পৃথক অভিযান চালিয়ে ছাত্রলীগ ও কৃষক লীগের নেতাকর্মীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে আদালতে নেওয়ার সময় থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে স্বজনরা।
রোববার (৩০ আগস্ট) টঙ্গী পশ্চিম থানা পুলিশ পাঁচজনকে এবং টঙ্গী পূর্ব থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— ছাত্রলীগ নেতা ফারুক (২৮), আলামিন (৩১), সাকিবুল হোসেন ওরফে শাকিব (১৯), শিহাব (২৭) এবং মিনহাজ মাসুম (২৮)। অন্যদিকে টঙ্গী পূর্ব থানার অভিযানে গ্রেপ্তার হয় ৪৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আ. মতিন (৪৫)।
গ্রেপ্তারের পর আসামিদের আদালতে নেওয়ার জন্য গাড়িতে তোলার মুহূর্তে সেখানে অপেক্ষমাণ স্বজন ও সমর্থকদের কয়েকজন প্রকাশ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা’ বলে স্লোগান দিতে থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানা যায়, পুলিশের উপস্থিতিতে থানার ভেতরে এমন রাজনৈতিক স্লোগান দেওয়ায় নিরাপত্তা ও থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। নাশকতামূলক বা অস্থিতিশীল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না; তদন্তের মাধ্যমে সবাইকে আইনের আওতায় আনা হবে।’
কেকে/এআই