মিথ্যা ও মানহানিকর সংবাদ পরিবেশন করে কিছু পেজ মূলধারার সাংবাদিকদের কাজের আগ্রহকে বাঁধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন প্রবাসী বৈদেশিক ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।
শনিবার (২৯ আগস্ট) রাত ৮টায় দশমিনা উপজেলা প্রশাসনের আয়োজনে দুযোর্গে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘আমার সঙ্গে ছবি তুলে তা ব্যবহার করে, আমার নির্বাচনে যারা সর্বোচ্চ শ্রম দিয়েছেন, তারা মারপিট, সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন। মাদকের সঙ্গে জড়িত থাকবেন, লাুটপাট-জমি দখল করলে তা মেনে নেয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’
তিনি আরও বলেন, ‘কিছু মোবাইল সাংবাদিক ও পেইজার আছে তারা সাংবাদিকতার নামে মানুষের মান-সন্মান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে থাকে তাদের প্রতিহত করতে হবে। মূল ধারার সাংবাদিক আমাকে অনেক উন্নয়নমূলক কাজের ভিডিও ও তথ্য দিয়ে সহযোগিতা করে থাকে আমি তাদের সন্মান জানাই। অপ-সাংবাদিকতার বিরুদ্ধে আপনারা সোচ্চার হউন। এদের কারণে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি ব্যাহত হচ্ছে।’
সভায় প্রতিমন্ত্রী বলেন, ‘আমার সঙ্গে কেউ ছবি তুলে আমার নির্বাচনে ভোট চেয়েছেন। আমাকে বিজয়ী করার জন্য কাজ করেছেন, তারা মনে করবেন না কোন অন্যায় অপরাধ করে পার পেয়ে যাবেন। বিএনপি আমাকে দশমিনা-গলাচিপা আসনে মনোনয়ন দিয়েছে, আমি এমপি হয়েছি। প্রধানমন্ত্রী আমাকে প্রতিমন্ত্রী পদমর্যাদা দিয়েছেন। আমি কোন অন্যায় মেনে নিবো না, সে বিএনপি বা গণঅধিকারের নেতাকর্মী হোক। কাউকে অপমান অপদস্ত করা যাবে না, দেশে আইনের শাসন ব্যবস্থা আছে তার প্রয়োগ আছে।’
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুূদ হাসান মৃধার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন, ঢাকা দক্ষিণ মহানগর গণঅধিকার পরিষদের সহসভপতি মিজানুর রহমান, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক কালাম পঞ্চাইত, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন আকন, সাধারণ সম্পাদক লিয়ার হোসেন হাওলাদার, যুব অধিকার পরিষদের সভাপতি ইমরান শাহিন প্রমুখ।
জানা যায়, দশমিনায় সরকারি সফরে আসেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় করে উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পরে দুস্ত, অসহায় পরিবার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, ক্রীড়া সংগঠন ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় অসহায় দুস্থ ৬০ পরিবারকে পাঁচ হাজার টাকা করে বিতরণ করা হয়। পরে স্কুল শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করার জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশুদ্ধ পানির জন্য ফিল্টার বিতরণ করা হয়।
কেকে/এআই