তৃণমূল পর্যায়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ইনিশিয়েটিভস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের (আইএসডিআরএফ) আয়োজনে ময়মনসিংহের হালুয়াঘাটে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এতে সহযোগিতা করে হালুয়াঘাট উপজেলা প্রশাসন।
রোববার (৩০ আগস্ট) কালিয়ানিকান্দি, ভূটিয়া পাড়া ও আসকি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ডিন কাউন্সিলের কনভেনার, সিন্ডিকেট সদস্য, ভেটেরিনারি সায়েন্স অনুষদের ডিন এবং আইএসডিআরএফের নির্বাহী সদস্য ও পরিচালক প্রফেসর ড. বাহানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকেই শিশুদের নীতি-নৈতিকতা ও মেধার বিকাশ ঘটে। তাই সুবিধাবঞ্চিত শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া অত্যন্ত মানবিক ও দূরদর্শী পদক্ষেপ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসডিআরএফের সহসভাপতি, বগুড়া গাবতলীর লাইট ফেয়ার ইন্টারন্যাশনাল স্কুল ও মানিকদী ক্যান্টনমেন্ট আলিম মাদ্রাসার চেয়ারম্যান, শিক্ষা উদ্যোক্তা ও সমাজসেবক আনিছার রহমান।
বিদেশে অবস্থান করায় অনুষ্ঠানে পাঠানো বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান আইএসডিআরএফের সভাপতি, শিক্ষাবিদ ও উদ্যোক্তা আনোয়ার হোসেন রনি। বার্তায় তিনি বলেন, ‘শিক্ষার আলোয় গড়ি দেশ, সবার আগে বাংলাদেশ।’ তিনি শিক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহম্মেদ বলেন, ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর এগিয়ে আসা অত্যন্ত ইতিবাচক। প্রান্তিক শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এমন মানবিক প্রয়াস ভূমিকা রাখবে।’
হালুয়াঘাট উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা. সেলিমা আক্তার খাতুন বলেন, ‘উপকরণ সহায়তার মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনায় নতুন অনুপ্রেরণা পাবে। ঝরে পড়া রোধ ও শতভাগ প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে এই উদ্যোগ সহায়ক হবে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইএসডিআরএফের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. ফেরদাউস হোসাইন। তিনি তৃণমূল পর্যায়ে শিক্ষার প্রসার ও টেকসই উন্নয়নের মাধ্যমে মানবিক সমাজ গঠনে আইএসডিআরএফের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন।
আইএসডিআরএফের যুগ্ম সম্পাদক এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর আবু তালহা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শিক্ষাদর্শন অনুযায়ী একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও আধুনিক রাষ্ট্র গঠনে তৃণমূলের প্রাথমিক শিক্ষাই প্রধান ভিত্তি। বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিটি শিশুর মেধা বিকাশের সুযোগ নিশ্চিত করাই এই শিক্ষাদর্শনের মূল লক্ষ্য।’
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি ও ভলান্টিয়ার টিমের পক্ষ থেকে কৃষিবিদ আতিকুর রহমান বলেন, ‘কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় মানবিক ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করে থাকে। তৃণমূলের শিশুদের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত।’
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আইএসডিআরএফের বিভিন্ন সামাজিক কার্যক্রম তুলে ধরা হয়। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির সম্পন্ন করা বৃক্ষরোপণ কর্মসূচি বিশেষভাবে তুলে ধরা হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর আবু তালহা বিন রেদওয়ান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি, তিনটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা, বাকৃবি ভলান্টিয়ার টিম ও সাংবাদিকরা।
কেকে/ এমএস