জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হোটেলসহ সাতটি দোকান পুড়ে ছাই হয়েছে। আগুনে দোকানগুলোর মালামাল ও আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) রাত সোয়া ১২টার দিকে বড় মসজিদসংলগ্ন একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা প্রথমে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে রিপন মদকের মুদি দোকান, মানিক মিয়ার হোটেল জমজম, জংশের আলী ও জহুরুলের লেপ-তোষকের দোকান, একটি প্লাস্টিকের দোকানসহ সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। আগুনের তীব্রতায় দোকানগুলোর মালামাল ও আসবাবপত্রের অধিকাংশই পুড়ে যায়।
মুদি দোকানের মালিক রিপন মদক বলেন, “তার দোকানে প্রায় ৪০ লাখ টাকার মালামাল ছিল। আগুন লাগার পর কোনো মালামাল বের করতে পারেননি। সবকিছু চোখের সামনে পুড়ে গেছে।”
হোটেল জমজমের মালিক মানিক মিয়া বলেন, হোটেলের মালামাল, ঘর ও সরঞ্জামসহ প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বকশীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার হাসান আলী বলেন, “খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দোকানগুলোতে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা সময় লেগেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
কেকে/সাশ