শুধু মাদক বহনকারীদের গ্রেপ্তার করলেই হবে না, মাদক পাচারের মূল পথ বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ ও জামালপুর জেলার দায়িত্বপ্রাপ্ত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ জন্য সীমান্তের চেকপোস্টগুলোতে নজরদারি আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা, উন্নয়ন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণবিষয়ক সভায় এ সব কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘মাদক মামলায় গ্রেপ্তার হওয়া আসামিরা অনেক সময় সহজেই আদালত থেকে জামিনে বের হয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এ কারণে মাদক মামলার আসামিরা যাতে সহজে জামিনে মুক্তি পেতে না পারে, সে বিষয়ে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।’
দেশের চলমান বিদ্যুৎ সংকট প্রসঙ্গে ইয়াসের খান বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৭ বছরে দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাকে বেহাল অবস্থায় রেখে গেছে। ফলে বিএনপি সরকারের পক্ষে মাত্র ছয় মাসে এ সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। তবে দ্রুত সংকট কাটিয়ে উঠতে সরকার কাজ করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘কিশোরগঞ্জের সংসদ সদস্যদের সহযোগিতা নিয়ে জেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জেলার সার্বিক উন্নয়নেও সমন্বিতভাবে কাজ করা হবে।’
সভায় বক্তাদের অভিযোগ ছিল, সম্প্রতি কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে ঝটিকা মিছিলের ঘটনা ঘটছে। এ সব ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির অনেক নেতাকর্মীকেও আসামি করা হচ্ছে।
এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠন দলীয় কার্যক্রম পরিচালনা করলে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে হবে। তবে কোনো অবস্থাতেই নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সেদিকেও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে।’
জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মোল্লাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে কিশোরগঞ্জ প্রান্ত থেকে অনলাইনে জামালপুর জেলা প্রশাসনের আয়োজিত আইনশৃঙ্খলা ও উন্নয়নবিষয়ক সভায় অংশ নেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান।
কেকে/এআই