রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের শিক্ষক ড. সুজন সেনের স্থায়ী বহিষ্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক হয়েছে। তবে বৈঠকে বিষয়টি পুনর্বিবেচনার মৌখিক আশ্বাস মিললেও লিখিত কোনো সিদ্ধান্ত না আসায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির (অ্যাকাডেমিক) সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নতুন কমিটি গঠন করে ড. সুজন সেনের বিষয়টি পুনরায় পর্যালোচনা করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে মৌখিকভাবে আশ্বস্ত করা হয়েছে বলে জানান শিক্ষার্থীরা।
এ বিষয়ে চারুকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসাদ সাদিক রাফি বলেন, ‘গত ১৮ আগস্ট প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার পরও কোনো লিখিত জবাব পাওয়া যায় নি। আজকের বৈঠকে বিষয়টি আগামী সিন্ডিকেটে পুনর্বিবেচনার মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীরা শুধু মৌখিক আশ্বাসে আস্থা রাখতে চান না।’
বিষয়টি কী প্রক্রিয়ায় পুনর্বিবেচনা করা হবে, তার লিখিত রূপরেখা প্রকাশের দাবি জানান তিনি।
মাস্টার্সের শিক্ষার্থী মো. সাকিবুল বলেন, ‘ড. সুজন সেনকে পাঁচ বছরের জন্য অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের কাছে অপর্যাপ্ত মনে হয়েছে। স্থায়ী বহিষ্কারের দাবিতে আমরা আন্দোলন করছি। প্রশাসনের পক্ষ থেকে লিখিত কোনো স্টেটমেন্ট না পাওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে।’
ছাপচিত্র ডিসিপ্লিনের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী মতিউর রহমান সানজিদ বলেন, ‘নতুন কমিটি গঠন করে বিষয়টি নতুনভাবে পর্যালোচনার মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে। তবে মৌখিক আশ্বাসে আস্থা রাখতে পারছেন না তারা।’
প্রশাসনের পক্ষ থেকে লিখিতভাবে কোনো স্টেটমেন্ট দেওয়া হলে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি থেকে সরে আসার কথা জানান তিনি।
পরবর্তীতে চারুকলা অনুষদের ডিন ও চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মুহাম্মদ আলীর মধ্যস্থতায় পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনকে দুই দিনের সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনরায় সিন্ডিকেটে আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় প্রস্তাবটি গৃহীত হলে তদন্ত কমিটি গঠন করা হবে এবং সংশ্লিষ্ট সকল প্রতিবেদন পুনরায় গভীরভাবে খতিয়ে দেখা হবে।’
উল্লেখ্য, ড. সুজন সেনের স্থায়ী বহিষ্কারের দাবিতে গতকাল থেকে বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীদের দাবি, তাদের দাবির বিষয়ে প্রশাসনকে দ্রুত লিখিত সিদ্ধান্ত ও পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া জানাতে হবে।
কেকে/এআই