কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে দায়ের করা মামলায় বিএনপি, এনসিপি ও যুবদলের নেতাকর্মীসহ সাংবাদিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে আসামি করার অভিযোগ উঠেছে। মামলাটিকে ‘হয়রানিমূলক ও মিথ্যা’ দাবি করে তা প্রত্যাহারের দাবিতে জানিয়েছে জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (৩১ আগস্ট) বিকালে জেলা শহরে এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলন এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে জেলা ও তাড়াইল উপজেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং মামলার কয়েকজন ভুক্তভোগী উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে এনসিপির নেতারা বলেন, গত ২৮ আগস্ট করিমগঞ্জ ও তাড়াইল উপজেলার মধ্যবর্তী রাইজানী ব্রিজ এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনার জেরে ২৯ আগস্ট তাড়াইল উপজেলা বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক আকবর হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর ৬, ৭, ৮, ৯, ১০, ১১ ও ১২ ধারায় মামলা করেন।
এনসিপির নেতাদের অভিযোগ, মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি, এনসিপি ও যুবদলের নেতাকর্মী, সাংবাদিক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষকেও আসামি করা হয়েছে।
তারা জানান, মামলার ৪ নম্বর আসামি করা হয়েছে জুলাই যোদ্ধা মো. ওমর খান সানিকে। ১০ নম্বর আসামি তাড়াইল উপজেলা বিএনপির সদস্য ও সাবেক দুইবারের চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন।
এ ছাড়াও ২৮ নম্বর আসামি উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক রুবেল ভূঁইয়া, ৩৩ নম্বর আসামি ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম পারভেজ এবং ৩৪ নম্বর আসামি ব্যবসায়ী ও বিএনপি সদস্য আলমসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন বলেন, ‘তাড়াইল উপজেলায় বিএনপির নাম ভাঙিয়ে একটি মহল হয়রানি ও নির্যাতন করছে। যে সব মামলায় ঘটনার সঙ্গে জড়িত নন, এমন বিএনপির ত্যাগী কর্মী, এনসিপির নেতাকর্মী, সাধারণ ব্যবসায়ী ও ছাত্রদেরও আসামি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
তিনি আরও বলেন, ‘অবিলম্বে হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় এনসিপি ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’
মামলায় আসামি হওয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকরাম পারভেজ অভিযোগ করেন, দলীয় রাজনীতির বিরোধের জেরে তাকে মামলায় আসামি করা হয়েছে।
তিনি বলেন, ‘আমি যুবদলের নেতা হয়েও নাশকতার মামলার আসামি হলাম কীভাবে? আমি তাদের রাজনীতি করি না বলেই আমাকে আসামি করা হয়েছে।’
উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত হোসেন বিপ্লব বলেন, ‘দলীয় গ্রুপিংয়ের কারণে মামলায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকরাম পারভেজের নাম দেওয়া হয়েছে। বিষয়টি আমরা ইতোমধ্যে জেলা যুবদল ও জেলা বিএনপির নেতাদের জানিয়েছি। আমরা দ্রুত এ মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা মামলাটি সুষ্ঠু তদন্তের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে প্রকৃত ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা, রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ এবং এলাকায় শান্তি-সম্প্রীতি বজায় রাখার দাবি জানান তারা।
এ বিষয়ে মামলার বাদী তাড়াইল উপজেলা বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক আকবর হোসেনের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তাড়াইল থানার সেকেন্ড অফিসার ফুরকান জানান, মামলাটি ইতোমধ্যে এফআইআর হিসেবে নথিভুক্ত হয়েছে। কারা কীভাবে মামলায় আসামি হয়েছেন, সে বিষয়ে বাদীই ভালো বলতে পারবেন।
কেকে/এআই