দীর্ঘ প্রায় ১১ বছরের আইনি প্রক্রিয়া শেষে শেরপুরের নালিতাবাড়ীতে ৬০ শতাংশ জমির দখল বুঝে পেয়েছেন ডিক্রিপ্রাপ্ত মালিক লিপি রাণী সরকার। আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জেলা জজ আদালতের নাজির আনুষ্ঠানিকভাবে জমিটির দখল হস্তান্তর করেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের খুজিউড়া মৌজার গেরাপচা গ্রামে এ দখল হস্তান্তর কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ঢাক-ঢোল পিটিয়ে ও লাল পতাকা উড়িয়ে জমির দখল বুঝিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আরএস-৩২৫, আরওআর-৪৭৫ ও বিআরএস-৫৬ খতিয়ানভুক্ত ৬০ শতাংশ জমির মালিকানা নিয়ে বিরোধের সৃষ্টি হলে লিপি রাণী সরকার ২০১৫ সালে নালিতাবাড়ীর সিনিয়র সিভিল জজ আদালতে মামলা করেন। মামলায় আশরাফ আলী, কুবেদ আলী, মনিরুল, সোহেল ও জুয়েলকে বিবাদী করা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সম্প্রতি আদালত লিপি রাণী সরকারের পক্ষে ডিক্রি দেন। একই সঙ্গে ডিক্রি অনুযায়ী জমিতে থাকা দখলদারদের উচ্ছেদ করে প্রকৃত মালিককে জমির দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
আদালতের নির্দেশনা অনুযায়ী সোমবার জেলা জজ আদালতের নাজির আব্দুর রউফ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে জমিটির দখল লিপি রাণী সরকারের কাছে হস্তান্তর করেন। এ সময় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন।
দখল হস্তান্তরের খবর পেয়ে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। সেখানে ডিক্রিপ্রাপ্ত বাদী লিপি রাণী সরকার, মামলায় পরাজিত বিবাদী পক্ষসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
দীর্ঘদিনের আইনি লড়াই শেষে জমির দখল ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন লিপি রাণী সরকার ও তার পরিবারের সদস্যরা।
কেকে/সাশ