মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূলে সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গাজীপুরের নবাগত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন। তিনি বলেছেন, “এসব অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে গাজীপুর জেলা পুলিশের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় গাজীপুর জেলা ও বিভিন্ন উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ শতাধিক সাংবাদিক অংশ নেন। এ সময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সাধারণ মানুষের নিরাপত্তা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
গাজীপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি এ কে এম রিপন আনসারী বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পুলিশ প্রশাসনের সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাংবাদিকদের বিভিন্ন বক্তব্য ও মতামত শোনেন পুলিশ সুপার মো. জসীম উদ্দিন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা এবং গাজীপুরের বিভিন্ন উপজেলা ও প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেকে/সাশ