নীলফামারীর ডোমার উপজেলায় মাদক বিক্রির সময় কুখ্যাত মাদক বিক্রেতা মো. আহসান উদ্দিন আলমগীর ওরফে আপেলসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার সোনারায় বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আপেল সোনারায় ধনীপাড়া এলাকার মৃত খুরশীদ আলমের ছেলে ও ডোমার সদর ইউনিয়নের ইঞ্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিন উচ্চবিদ্যালয়ের সহকারী কৃষি শিক্ষক হিসাবে কর্মরত।
তার অপর সহযোগীরা হলেন— দক্ষিন চিকনমাটি দোলাপাড়া এলাকার আকতার উদ্দিনের ছেলে মো. রাকিব হোসেন (৩৫) ও সোনারায় দোলাপাড়া এলাকার মো. মাহফুজার রহমান রাজার ছেলে মো. আবু সাঈদ(২৫)। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার রাত দশটার দিকে উপজেলার সোনারায় বাজার থেকে মাদকদ্রব্য বিক্রি করার সময় আপেল মাস্টার ও তার দুই সহযোগীকে হাতে নাতে আটক করে পুলিশ।
শাহরীর ইসলাম চৌধুরী তুহিন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রায়হানুল হক প্রধান ইউসুফ বলেন, ‘তার বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ পেয়েছি। এর আগেও তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। পরে তিনি মুচলেকা দিয়ে স্কুলে যোগদান করেন।’
এ শিক্ষককে স্থায়ীভাবে বহিস্কার করার জন্য কার্যক্রম চলছে বলেও তিনি জানিয়েছেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, ‘গোপন সংবাদে খবর পেয়ে সোনারায় বাজার থেকে আপেল মাস্টার তিনজনকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। এর আগেও তার বিরুদ্ধে মাদকের দুটি মামলা চলমান রয়েছে। বৃহস্পতিবার বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।’
কেকে/এআই