ফরিদপুর জেলায় হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে হাম ও এর উপস রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলার ৯টি উপজেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৬০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৩ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন চিকিৎসা নিতে এসেছেন। বাকি ২৮ জন ভর্তি আছে অপর ৮টি হাসপাতালে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য বিভাগ সূত্র এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ফরিদপুরে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৯৫ জনে। গত ২৪ ঘণ্টায় হামে নতুন কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও এ বুধবার (৯ সেপ্টেম্বর) এক নারীর মৃত্যুসহ এ পর্যন্ত জেলায় মোট ২১ জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন মোট ৮৫ জন হাম রোগী। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ২৬ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫৯ জন চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন। বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৫ হাজার ২৭৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে সুস্থ হয়ে ফিরেছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২০ জন ফরিদপুর জেলার স্থানীয় বাসিন্দা এবং বাকি ১২ জন পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে চিকিৎসা নিতে এসেছেন এবং ৮টি উপজেলার সরকারি হাসপাতালগুলোতে হাম সন্দেহ ভর্তি হয়েছেন আরও ২৮ জন।
তবে জেলা সদরের বাইরে কোন উপজেলায় হামে আক্রান্ত মৃত্যুর খবর পাওয়া যায়নি।
ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, ‘হাম একটি ছোঁয়াচে রোগ হলেও সঠিক সময়ে চিকিৎসা ও প্রতিষেধক টিকা নিশ্চিত করা গেলে তা সহজেই প্রতিরোধ সম্ভব। বর্তমানে হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা ও প্রয়োজনীয় ওষুধ বরাদ্দ রয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগের টিম মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছে। শিশুদের ক্ষেত্রে প্রাথমিক লক্ষণ দেখা গেলেই দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে আনার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানাচ্ছি।’
কেকে/এমএ