শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      বিএনপির হাতে শুরু বিএনপিতেই বিলুপ্তি      লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম : প্রধানমন্ত্রী      হাম ও ডেঙ্গুতে একদিনে ১৩ জনের মৃত্যু      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৯২      
দেশজুড়ে
শিবচরে বিড়ালের কামড়-আঁচড়ে বাড়ছে রোগী, আগস্টে চিকিৎসা নিয়েছেন ১১৮০
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে কুকুর ও বিড়ালের কামড়-আঁচড়ে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে পোষা বিড়ালের কামড় ও আঁচড়ে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা সাম্প্রতিক সময়ে বেড়েছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে কুকুর ও বিড়ালের কামড়-আঁচড়ে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ও র‍্যাবিস ভ্যাকসিন নিয়েছেন ১ হাজার ১৮০ জন। সে হিসাবে ওই মাসে প্রতিদিন গড়ে প্রায় ৩৮ জন রোগী চিকিৎসা নিয়েছেন।

গত ৯ সেপ্টেম্বর রাতে পোষা বিড়ালের আঁচড়ে আহত হন মেহের আফরোজ। তিনি জানান, বাসায় একটি পারসিয়ান বিড়াল পালন করেন তিনি। ওই রাতে অসাবধানতাবশত বিড়ালটির গায়ে তাঁর পা লেগে গেলে সেটি তাঁকে আঁচড় দেয়। পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১০ সেপ্টেম্বর সকালে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে র‍্যাবিস ভ্যাকসিন নেন তিনি।

পোষা বিড়ালের কামড়ে আহত হওয়া ১০ বছরের এক শিশুর বাবা রফিক ব্যাপারী জানান, গত মাসে তাঁর মেয়ে একটি বিড়ালের বাচ্চা বাড়িতে নিয়ে আসে। মেয়ের আবদারে সেটি বাড়িতে রেখেই লালন-পালন করছিলেন তাঁরা। একদিন বিড়ালের সঙ্গে খেলাধুলার সময় সেটি শিশুটির হাতে কামড় দেয়। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, বর্তমানে বিড়ালের কামড় ও আঁচড়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। ঘরে বিভিন্ন জাতের বিড়াল পালনের প্রবণতা বৃদ্ধির কারণে এ ধরনের ঘটনা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে তরুণ-তরুণীদের মধ্যে বিভিন্ন জাতের বিড়াল পালনের আগ্রহ বেড়েছে। পোষা প্রাণীর সঙ্গে খেলাধুলা কিংবা অসাবধানতাবশত তাদের শরীরে হাত-পা লাগার কারণে অনেকেই কামড় ও আঁচড়ের শিকার হচ্ছেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম মুকুল বলেন, কুকুর বা বিড়ালের কামড় কিংবা আঁচড়কে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। আক্রান্ত স্থান দ্রুত সাবান ও প্রবাহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে। ক্ষতস্থানে মরিচ, চুন, মাটি, তেল বা অন্য কোনো পদার্থ লাগানো উচিত নয়। এরপর যত দ্রুত সম্ভব হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজন অনুযায়ী র‍্যাবিস ভ্যাকসিনসহ অন্যান্য চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও বলেন, পোষা বিড়াল বা কুকুর থাকলে প্রাণীটির স্বাস্থ্য ও নিয়মিত টিকাদানের বিষয়ে মালিকদের সচেতন থাকতে হবে। বিশেষ করে শিশুদের পোষা প্রাণীর সঙ্গে খেলাধুলার সময় অভিভাবকদের বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close