পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দেশীয় অর্থায়নে পদ্মা ব্যারেজের সম্পূর্ণ কাজ বাস্তবায়ন করা হবে।’
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর পদ্মা নদীর চরে প্রকল্প এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
এ সময় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী আরও বলেন, ‘এই প্রকল্প বাস্তবায়ন হলে ২৪ জেলার মানুষ সুফল ভোগ করবে। এখান থেকেই বিদ্যুৎ উৎপাদন হবে, মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষিকাজে বিপ্লব ঘটবে। এর ফলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।’
তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ২০০৪ সালে এই প্রকল্পের সমীক্ষা করেছিলেন। দীর্ঘদিন পর হলেও ২০২৬ সালে প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি।’
মন্ত্রী বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন প্রকল্প আমরা শুরু করেছি। নির্বাচনি ইশতেহার অনুযায়ী এখন পর্যন্ত সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে।’
এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে পানিসম্পদমন্ত্রী হাবাসপুর কে রাজ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন।
কেকে/এমএ