মাদকমুক্ত সমাজ গড়তে কিশোরগঞ্জের নিকলীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার জারইতলা ইউনিয়নের রোদারপুড্ডা এলাকায় সামাজিক সচেতনতামূলক সংগঠন ‘রোদারপুড্ডা আলোকিত প্রজন্ম’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রোদারপুড্ডা বাজার থেকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিরাজ প্লাজায় গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জারইতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইসহাক রানা, মো. সামসুজ্জামান সরকার, মুফতি মো. আব্দুল মুকতাদির, মো. আফতাবুল আলম, মাওলানা আনোয়ার হোসাইন ও নিকলী থানার উপপরিদর্শক কৌশিক।
এ সময় ‘রোদারপুড্ডা আলোকিত প্রজন্ম’-এর সভাপতি মো. আরিফ রাব্বানী, সিনিয়র সহসভাপতি মাওলানা উসমান গনী সিরাজী, প্রচার সম্পাদক মো. আব্দুল হালিম, কার্যকরী সদস্য মাওলানা আজহারুল ইসলামসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মুহাম্মদ রিজন হোসাইন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ খোকন মিয়া।
সভায় নিকলী থানার উপপরিদর্শক কৌশিক বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। মাদক গ্রহণের ফলে মানুষের স্বাভাবিক জ্ঞান ও কর্মক্ষমতা কমে যায় এবং শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। পরিবারের কেউ মাদকে জড়িয়ে পড়লে তাকে চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি পুলিশকে জানানোর পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, সমাজের সচেতন মানুষ এগিয়ে এলে সম্মিলিত প্রচেষ্টায় মাদক নির্মূল করা সম্ভব।
জারইতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইসহাক রানা বলেন, মাদকের ভয়াবহতা এখন পরিবার ও সমাজে স্পষ্ট। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে অনেকে পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়ছে, এমনকি মা-বাবাকেও হুমকি দিচ্ছে। একটি পরিবারে একজন মাদকসেবী থাকলে পুরো পরিবারই বিপর্যস্ত হয়ে পড়ে।
তিনি বলেন, শুধু রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা কিংবা অন্যান্য অবকাঠামো নির্মাণ করলেই দেশের প্রকৃত উন্নয়ন হবে না। মানুষের উন্নয়নই প্রকৃত উন্নয়ন। আর মানুষের উন্নয়নের জন্য প্রয়োজন সুশিক্ষা ও মাদকমুক্ত সমাজ।
ইসহাক রানা বলেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।’
সংগঠনের সভাপতি মো. আরিফ রাব্বানী বলেন, ‘রোদারপুড্ডা আলোকিত প্রজন্ম’ একটি মহৎ উদ্দেশ্য নিয়ে যাত্রা করেছে। শিশু ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করাই সংগঠনের অন্যতম লক্ষ্য। মাদকের পরিবর্তে তরুণদের হাতে বই-খাতা ও কলম তুলে দিয়ে নৈতিক মূল্যবোধসম্পন্ন একটি প্রজন্ম গড়ে তুলতে চান তারা।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি করা সহজ নয়। নানা প্রতিকূলতা থাকলেও মাদকমুক্ত ও আলোকিত সমাজ গড়ার লক্ষ্যে সংগঠনটি কাজ করে যাবে। এ কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
কেকে/ এমএস