ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী তিন মাসকে ঝুঁকিপূর্ণ সময় বিবেচনা করে দেশব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বান্দরবানেও শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বান্দরবান পৌরসভার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
এ সময় জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।
পুলিশ সুপার মো. ওয়াহাবুল ইসলাম খন্দকার, পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, জেলা পরিষদের সদস্য লুসাই মং মারমা, জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেনসহ জেলা প্রশাসন, পৌরসভা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং স্কাউটের সদস্যরা এ অভিযানে অংশ নেন।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি ফগার মেশিন দিয়ে স্প্রে করে ডেঙ্গু মশার আবাসস্থল ধ্বংস করেন পরিচ্ছন্নতাকর্মীরা।
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি সবাইকে সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। এ সময় বান্দরবানের বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে।
কেকে/ এমএস