মশাবাহিত ডেঙ্গু রোগ প্রতিরোধে দেশব্যাপী তিন মাসব্যাপী ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি’ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে মৌলভীবাজারেও ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে অনলাইনে যুক্ত হন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কেন্দ্রীয় কর্মসূচির উদ্বোধন শেষে জেলা প্রশাসকের নেতৃত্বে সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
একই সময়ে জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জসহ সব উপজেলায়ও কর্মসূচির সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে কার্যক্রমে অংশ নেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পৌর প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি), পৌরসভার নির্বাহী প্রকৌশলীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিএনপি নেতৃবৃন্দ।
এদিকে, কেন্দ্রীয় উদ্বোধনের পর শ্রীমঙ্গল পৌরসভা কার্যালয়ের সামনে থেকেও সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। এতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুর রাকিব, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী প্রমুখ।
কর্মসূচির আওতায় আগামী তিন মাস জেলা ও উপজেলা পর্যায়ে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হবে।
প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
কেকে/এআই