কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আপন চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চংনোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সুতারপাড়া ইউনিয়নের চংনোয়াগাঁও গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে শাহ আলম (৪০) এবং একই গ্রামের নজরুল ইসলামের ছেলে মোকাররম হোসেন (২৭)। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে শাহ আলম ও মোকাররম হোসেন জাল নিয়ে বাড়ির কাছের চংনোয়াগাঁও হাওরে মাছ ধরতে যান। ভোর ৬টার দিকে হাওরে অবস্থানকালে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তারা মারা যান।
এদিকে, সকাল গড়িয়ে গেলেও শাহ আলম ও মোকাররম বাড়িতে ফিরে না আসায় স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। ওই সময় আবহাওয়াও ছিল বৈরী। পরে সকাল ১০টার দিকে স্বজনেরা তাদের খোঁজে হাওরের দিকে বের হন। একপর্যায়ে হাওরের মধ্যে দুজনের মরদেহ পড়ে থাকতে দেখে তারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে করিমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে নিহতদের মরদেহের বিষয়ে প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করে পুলিশ।
স্থানীয়রা জানান, ভোরে বৃষ্টির মধ্যেই তারা মাছ ধরতে হাওরে গিয়েছিলেন। হঠাৎ বজ্রপাতের ঘটনায় একই পরিবারের দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বজ্রপাতে দুইজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
কেকে/এআই