সাংবাদিক জহুরুল ইসলামের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি এবং মামলা গ্রহণ না করে আলামত গায়েবের অপচেষ্টার অভিযোগে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলামের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পাবনা প্রেস ক্লাবের সামনে ‘সচেতন পাবনার নারী সমাজ ও পাবনাবাসী’র ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘অভিযুক্ত জহুরুল ইসলাম তার ক্ষমতার অপব্যবহার করে যে জঘন্য অপরাধ সংঘটিত করেছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’
একই সাথে বক্তারা পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলামের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, ঘটনার পর ভুক্তভোগী পরিবার মামলা করতে গেলেও ওসি মামলা না নিয়ে উল্টো অপরাধের আলামত গায়েব করার অপচেষ্টায় লিপ্ত হন। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার এমন ভূমিকা বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে তারিকুল ইসলামকে পদ থেকে অপসারণ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
কর্মসূচিতে পাবনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারী অধিকার কর্মী ও সাধারণ সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কেকে/এমএ