নীলফামারীতে দুর্নীতিবিরোধী অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা দুর্নীতি প্রতিরোধে শুধু আইনগত ব্যবস্থা নয়, সামাজিক প্রতিরোধ জোরদার এবং সরকারি বিভিন্ন সেবাখাতে নাগরিকদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শহরের অদূরে নটখানায় অবস্থিত ডেনিস লেপ্রসি মিশন হাসপাতালের প্রশিক্ষণ কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ‘শুধু আইনগত ব্যবস্থা নয়, সামাজিক প্রতিরোধও জোরদার করতে হবে। দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের পাশাপাশি সরকারি বিভিন্ন সেবাখাতে নাগরিকদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা গেলে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং সেবার মান উন্নত হবে।’
সভায় অংশ নেন সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেণ্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) সদস্যরা।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরাধী সামাজিক সংঠন সনাক, নীলফামারী জেলার বিভিন্ন সেবাখাতে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধে চলমান কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণের লক্ষ্যে এই সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন সনাক নীলফামারী জেলা শাখার সভাপতি মো. আকতারুল আলম। সনাকের সদস্য তাহমিনুল হকের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের সমন্বয়কারী মো. আতিকুর রহমান।
সভায় আরও বক্তব্য দেন টিআইবির এলাকা সমন্বয়কারী মো. আসাদুজ্জামান, সনাকের সহসভাপতি আফরোজা বিনতে আজিজ, ভুবন চন্দ্র রায়, সনাকের সদস্য মো. মিজানুর রহমান, আজমা আহসান, নাসিমা বেগম, ফওজিয়া ইয়াসমিন, রত্না চৌধুরী, ইয়েস গ্রুপের দলনেতা মো. আশিকুর জামান, সহদলনেতা তুষার আলী প্রমুখ।
মো. আকতারুল আলম সদস্যদের দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান।
কেকে/এমএ