মশাবাহিত ডেঙ্গু রোগ প্রতিরোধে দেশব্যাপী তিন মাসব্যাপী ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি’ উদ্বোধন করা হয়েছে। এর অংশ হিসেবে শ্রীমঙ্গলে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীমঙ্গল পৌরসভা থেকে অনলাইনে যুক্ত হন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তার এবং অংশীজনরা। কেন্দ্রীয় কর্মসূচির উদ্বোধন শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলামের নেতৃত্বে পৌরসভা কার্যালয়ের সামনে থেকে সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুর রাকিব, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী প্রমুখ অংশগ্রহণ করেন।
শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, ‘কর্মসূচির আওতায় আগামী তিন মাস জেলা ও উপজেলা পর্যায়ে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হবে।’
উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
কেকে/এআই