আগামী ৩ মাসের জন্য দেশব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি যুক্ত ছিল মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসন।
উপজেলা পরিষদের কার্যালয়ের মিনি কনফারেন্স রুমে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড় দিয়ে বিশেষ সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করা হয়।
পরে সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মহম্মদপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি আরএসকেএস ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বেদবতী মিস্ত্রী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদমান আকিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. কাজী মো. আবু আহসান, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. মৈমুর আলী মৃধা, উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান শিলু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, পরিসংখ্যান অফিসার আব্দুল্লাহ আল মামুন, আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, সরকারি আরএসকে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম নাসিরুল ইসলাম, মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশের আলী, বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আখতারুজ্জামান বিল্লাহ, প্রেস ক্লাব মহম্মদপুরের ভারপ্রাপ্ত সভাপতি মেহেদী হাসান পলাশ ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা প্রমুখ।
অভিযানে বেদবতী মিস্ত্রী বাজারে বিভিন্ন দোকানপাট ও ব্যবসায় প্রতিষ্ঠানের সামনে স্তূপ করে রাখা ময়লা-আবর্জনা এবং এডিস মশার প্রজনন উপযোগী সম্ভাব্য স্থানগুলো দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি জোর তাগিদ দেন।
তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষের ব্যক্তিগত সচেতনতাই সবচেয়ে বড় হাতিয়ার। আমাদের নিজ নিজ ঘরবাড়ি, আঙিনা, দোকান ও প্রতিষ্ঠানের আশপাশ সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
এ ছাড়া বেদবতী মিস্ত্রী নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার এবং নিয়ম অমান্য করে যেখানে-সেখানে বর্জ্য ফেলে পরিবেশ দূষিত করলে কড়া নজরদারির হুঁশিয়ারি দেন।
পরে সরকারি আরএসকেএস ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় এবং শিক্ষার্থীদের সুবিধার্থে একটি অপরিচ্ছন্ন পুকুর ও আঙিনা পরিষ্কারের কাজ তদারকি করা হয়।
কেকে/এমএ