জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে এম এ হেলাল এবং সাধারণ সম্পাদক পদে গোলাম মর্ত্তুজা শিপলু বিজয়ী হয়েছেন। শনিবার উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) জয়পুরহাট বাস টার্মিনাল প্রাঙ্গণে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটগ্রহণ শেষে রাত ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ মিটুল চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে এম এ হেলাল ১ হাজার ৯৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সরদার আব্দুল হাফিজ পেয়েছেন ৯২৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে ২ হাজার ৮৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন গোলাম মর্ত্তুজা শিপলু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলাম হোসেন টুটুল পেয়েছেন ৬৭৫ ভোট।
প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ মিটুল জানান, এবারের নির্বাচনে মোট ৪ হাজার ৭২১ জন ভোটারের মধ্যে ৩ হাজার ৬৪৫ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট পড়ার হার ৭৭ শতাংশ।
নির্বাচনে বিভিন্ন পদে মোট ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে তিনজন, কার্যকরী সভাপতি পদে দুজন, সহসভাপতি পদে পাঁচজন, সাধারণ সম্পাদক পদে দুজন, সহসাধারণ সম্পাদক পদে পাঁচজন, কোষাধ্যক্ষ পদে দুজন, সাংগঠনিক সম্পাদক পদে দুজন, দপ্তর সম্পাদক পদে তিনজন, সড়ক সম্পাদক পদে সাতজন, প্রচার সম্পাদক পদে দুজন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে তিনজন, সমাজকল্যাণ সম্পাদক পদে দুজন এবং কার্যনির্বাহী সদস্য পদে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল হামিদ মিটুল। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এম এ ওয়াহাব, কাজী মনজুরে মওলা পলাশ, আনিছুর রহমান লিটন, বাবুল করিম, শফিকুল ইসলাম, অ্যাডভোকেট মামুনুর রশীদ, প্রকৌশলী গোলাম কবির ও সাজ্জাদ হোসেন।
কেকে/সাশ