ঢাকার ধামরাই উপজেলায় ধলেশ্বরী নদীর ফুটনগর বটতলা এলাকায় বরাদ্দকৃত সেতুটি বর্তমান বাঁশের সাঁকোর স্থানেই নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসীরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুল্লা ইউনিয়নের ফুটনগর গ্রামের ধলেশ্বরী নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দীর্ঘ ৪০ বছর ধরে সেতু না থাকায় চরম দুর্ভোগ পোহানোর পর অবশেষে সেতু বরাদ্দ হলেও, তা বর্তমান স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে এ মানববন্ধন করেন ধলেশ্বরী তীরে বসবাসকারীরা।
মানববন্ধনে ফুটনগরসহ পার্শ্ববর্তী গ্রামের কয়েক শত নারী-পুরুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ব্যানার ফেস্টুন হাতে অংশ নেন। মানববন্ধন শেষে স্থানীয় সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন ও ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি অবহিত করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ৪০ বছর ধরে এ অঞ্চলের মানুষ ধলেশ্বরী নদী পারাপারের জন্য একটি স্থায়ী সেতুর দাবি জানিয়ে আসছিল। দীর্ঘদিন পর সরকারের পক্ষ থেকে সেতুর বরাদ্দ আসায় এলাকাবাসী আনন্দিত হলেও, এর নির্মাণস্থল দেড় কিলোমিটার দূরে পরিবর্তন করায় সেই আনন্দ এখন হতাশায় রূপ নিয়েছে। বর্তমান বাঁশের সাঁকোটি যে ‘বটতলা’ পয়েন্টে অবস্থিত, সেখান দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং কৃষিপণ্য পারাপার করা হয়। কিন্তু ফাঁকা জায়গায় সেতুটি নির্মাণ করা হলে তা সাধারণ মানুষের কোনো কাজেই আসবে না।
স্থানীয় জনগণের দাবি, বর্তমান জনবহুল বাঁশের সাঁকোটি যেখানে রয়েছে, সেখানেই সেতুটি নির্মাণ করলেই কেবল মানুষ এর প্রকৃত সুবিধা ভোগ করতে পারবে।
ধামরাই উপজেলা এলজিইডি প্রকৌশলী মিশুক কুমার দত্ত বলেন, ‘সেতুটি বটতলা পয়েন্টেই করা হবে। এ বিষয়ে যারা লে-আউট দিয়েছিল, আমাদের সঙ্গে আলোচনা ছাড়াই দিয়েছিল। তবে আমরা এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে তাদের দাবির স্থানেই সেতুটি করবো।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন জুলকারনাইন জামে মসজিদের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, কুল্লা ইউনিয়নের ৯ নম্বরওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, আলোকিতপুর নগর সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন প্রমুখ।
কেকে/এআই