মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে টমটমসহ এক চালক পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টমটমটি উদ্ধার করলেও চালকের সন্ধান পাওয়া যায়নি।
রোববার (১২ সেপ্টেম্বর) সকালে ৯ টার সময় উপজেলার ভানুগাছ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, টমটমটি ধলাই নদীতে পড়ে গেলে চালক টমটমটি পানিতে ডুবে যাওয়া থেকে বাঁচানোর চেষ্টা করেন। একসময় পানিতে টমটমের একটি সিট বাসতে দেখে পানিতে ঝাঁপ দেন কিছুক্ষণ টানাটানি করে একসময় পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে নদী থেকে টমটমটি উদ্ধার করা হলেও চালককে খোঁজে পাওয়া যায়নি। এ সময় ফায়ার সার্ভিসের লোকের সঙ্গে এলাকার স্থানীয় লোকজনও নদীতে নিখোঁজ ব্যক্তিকে খোঁজেন।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ চালককে উদ্ধারে ডুবুরি দল আসছে। ডুবুরি দল পৌঁছানোর পর নদীতে উদ্ধার অভিযান চালানো হবে।
নিখোঁজ চালক কমলগঞ্জ সদর ইউনিয়ন বটতলা এলাকার বাসিন্দা। নিখোঁজ চালকের নাম পিতু (৪৫) বাবার নাম টমাস। নিখোঁজ চালকের স্ত্রী ও ১১ বছরের দুই যমজ সন্তান রয়েছে। সিলেট থেকে আগত ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ পরিচালনা করছেন এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।
কেকে/এআই