রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৬১      আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক      স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      
রাজনীতি
ক্ষমতায় গিয়ে বিএনপি ‘মজলুম থেকে জালেমে’ পরিণত হয়েছে : সাঈদ খান
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৯ পিএম আপডেট: ১৩.০৯.২০২৬ ৮:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা, হুমকি ও মিথ্যা মামলার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির জেলা শাখা। সমাবেশে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আহনাফ সাঈদ খান অভিযোগ করে বলেছেন, ‘ক্ষমতায় এসে বিএনপি ‘মজলুম থেকে জালেমে’ পরিণত হয়েছে।’

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

মিছিলের আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ী মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নাইলে গদি ছেড়ে দে’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে আহনাফ সাঈদ খান বলেন, ‘সতেরো বছর পরে একটি নির্বাচিত সরকারের শাসনামলে আমরা ভেবেছিলাম, আমাদের বারবার রাজপথে নামতে হবে না। কিন্তু ক্ষমতা পেয়ে আপনারা মজলুম থেকে জালেমে পরিণত হয়েছেন। এ জুলুম আল্লাহ তাআলা বেশি দিন সহ্য করেন না।’

তিনি আরও বলেন, ‘পৃথিবীর কোনো জালেম বেশি দিন মসনদে টিকে থাকতে পারেনি। হামলা করে, হুমকি দিয়ে আমাদের কোনো নেতাকর্মীকে ঘরে ফেরাতে পারেননি, পারবেনও না।’

ইটনা উপজেলা এনসিপির সদস্যসচিব আফজাল হোসেন শান্তের ওপর হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমাদের আফজাল হোসেন শান্তকে আপনারা দেখতে পাচ্ছেন। তার পা ভেঙে দেওয়া হয়েছে। হামলা করে এ আন্দোলন বন্ধ করা যাবে না, হুমকি দিয়েও বন্ধ করা যাবে না।’

প্রশাসনের ভূমিকার সমালোচনা করে আহনাফ সাঈদ খান অভিযোগ করেন, এনসিপির নেতাকর্মীরা হামলার শিকার হলে মামলা নিতে প্রশাসনের অনীহা দেখা যায়। অন্যদিকে ‘ফ্যাসিস্টরা’ মিছিল করলে প্রশাসনের বিভিন্ন সংস্থা নীরব ভূমিকা পালন করে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জনজীবনের সংকট নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির এ নেতা। তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, অথচ ঘরে খাবার নেই। কৃষক কার্ডের কথা বলা হচ্ছে, অথচ কৃষকের সার নেই। কৃষকের যদি সার না থাকে, দরিদ্রের মুখে অন্ন না থাকে, শিক্ষার্থীরা বিদ্যুতের অভাবে পড়াশোনা করতে না পারে, তাহলে সরকারের সুখের দিন বেশিদিন স্থায়ী হবে না।’

এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেন, ইটনা উপজেলা সদস্যসচিব আফজাল হোসেন শান্তসহ বিভিন্ন উপজেলা নেতাকর্মীর ওপর হামলা, হুমকি ও মিথ্যা মামলা করা হয়েছে। এ সব ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

কটিয়াদী উপজেলা এনসিপির আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, ‘আমাদের ইটনা উপজেলা সদস্যসচিবকে হাত-পা ভেঙে সন্ত্রাসী কায়দায় আক্রমণ করে তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে।’

বিক্ষোভ মিছিল ও সমাবেশে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আহনাফ সাঈদ খান, কিশোরগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক শেখ খায়রুল কবির, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্স, শরিফুল হক জয়, বিভিন্ন উপজেলা শাখার নেতাকর্মী এবং যুবশক্তি কিশোরগঞ্জ জেলার আহ্বায়ক মোহাম্মদ মাহফুজুর রহমান ও সদস্যসচিব যোবায়ের হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় এনসিপির নেতাকর্মীরা সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, হামলা-মামলা বন্ধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   এনসিপি   নেতা   বিক্ষোভ   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close