হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক নারীর গোসলের ছবি মোবাইল ফোনে ধারণ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৯ নম্বর পুকড়া ইউনিয়নের কাঠখাল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পেছনে এক নারীর গোসলের ছবি মোবাইল ফোনে ধারণ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারী-পুরুষসহ অর্ধশতাধিক লোক আহত হন।
খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শেখ নাজমুল হক বলেন, ‘বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। দাঙ্গা-হাঙ্গামার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং দেশীয় অস্ত্র উদ্ধারে পুলিশ কাজ করছে।’
পরবর্তী অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।
কেকে/এমএ