কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগরে দুই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির শেষ হয়েছে। শিবিরে মোট ১ হাজার ৯০০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় আলাউদ্দিন নগরের তহিরন নেছা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ শিবির শুরু হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শেষ হয় দুই দিনের এ কার্যক্রম।
শিবিরে চিকিৎসাসেবা নেওয়া রোগীদের মধ্যে ১ হাজার ১২৪ জনকে ছানি ও অন্যান্য চক্ষুরোগের অস্ত্রোপচারের জন্য বাছাই করা হয়েছে। তাদের বিনামূল্যে অস্ত্রোপচারের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী চোখে লেন্স সংযোজনের ব্যবস্থা করা হবে। অন্যদিকে ৭৭৬ জনকে প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চশমা দেওয়া হয়েছে।
তহিরন নেছা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের আয়োজনে এ শিবিরে প্রধান সহযোগিতা করেছে দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন। চিকিৎসাসেবা ও রোগী বাছাই কার্যক্রম পরিচালনা করে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল।
আয়োজকেরা জানান, শিবিরে বিভিন্ন ধরনের চক্ষুরোগীর চোখ পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। ছানি ও অন্যান্য জটিল চক্ষুরোগে আক্রান্তদের পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচারের জন্য বাছাই করা হয়। বাছাই করা রোগীদের নির্ধারিত সময়ে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে বিনামূল্যে অস্ত্রোপচার করানো হবে। অস্ত্রোপচারের পর প্রয়োজন অনুযায়ী লেন্স, ওষুধ ও কালো চশমা দেওয়া হবে। রোগীদের যাতায়াত এবং প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থাও আয়োজকদের পক্ষ থেকে করা হবে।
চক্ষুরোগী মাজেদা খাতুন বলেন, “তার আপন বলতে কেউ নেই, ছেলে-মেয়েও নেই। চোখের সমস্যার কারণে ঠিকমতো দেখতে পারেন না। কিন্তু অস্ত্রোপচার করানোর মতো আর্থিক সামর্থ্যও নেই।” বিনা খরচে চিকিৎসাসেবা ও অস্ত্রোপচারের সুযোগ পাওয়ায় তিনি খুশি। অসহায় মানুষের জন্য এমন উদ্যোগ নেওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
তহিরন নেছা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “দুই দিনের শিবিরে ১ হাজার ৯০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ১ হাজার ১২৪ জনকে পরীক্ষা-নিরীক্ষা ও বাছাই শেষে অস্ত্রোপচারের জন্য প্রস্তুত করা হয়েছে। বাকি ৭৭৬ জনকে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা, ওষুধ ও চশমা দেওয়া হয়েছে। অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষুচিকিৎসার সুযোগ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।”
আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোর্শেদ আলম বলেন, “বাছাই করা রোগীদের খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে। রোগীদের যাতায়াত, থাকা-খাওয়া, চিকিৎসা ও প্রয়োজনীয় সব ব্যয় ফাউন্ডেশনের পক্ষ থেকে বহন করা হবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন সেবামূলক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, বিশিষ্ট সমাজসেবক আলাউদ্দিন আহমেদ গত ২২ বছর ধরে এ অঞ্চলের চক্ষুরোগীদের চিকিৎসাসেবা দেওয়া ও অন্ধত্ব নিবারণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় এবারও এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
এ কার্যক্রমে দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, গুরুকুল নার্সিং ইনস্টিটিউট, আলো নার্সিং ইনস্টিটিউট, আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ এবং আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্ক লিমিটেড সহযোগিতা করেছে।
কেকে/সাশ