মানিকগঞ্জে সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে গণঅবস্থান ও প্রতিবাদ মিছিল করেছেন সচেতন নাগরিক সমাজের সদস্যরা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার বরঙ্গাইল এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
গণঅবস্থানে বক্তারা অভিযোগ করেন, সেলফি পরিবহনের বাসের চালকদের মধ্যে মাদকাসক্ত ও অদক্ষ চালক রয়েছেন। তাদের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণহানির পাশাপাশি সাধারণ যাত্রীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।
জনস্বার্থে দ্রুত এ পরিবহনের রুট পারমিট বাতিলের দাবি জানান তারা।
বক্তারা বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আগামী ১০ দিনের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
পরে সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে মহাসড়কে প্রতিবাদ মিছিল করেন কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা।
কর্মসূচিতে খোন্দকার তুহিন হোসেন, পীযূষ ফাইটার, সাকিব হোসেন, ওয়াহেদুজ্জামান মাবুল, চঞ্চল হোসেন, রাকিব হোসেন, রবিন, সুমন দেওয়ান, আলামিন, সম্রাট, মীর্জা আব্বাস, মামুন, আলমাছ, শফিক, রিজভী ও সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে গত ২ সেপ্টেম্বর নাগরিক সমাজের পক্ষ থেকে মানিকগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা।
কেকে/এআই