মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সারোয়ার আলমগীর।
নতুন ও তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উত্তর উপজেলায় আয়োজিত মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশে তিনি এ আহ্বান জানান।
এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে দাঁতমারা বাজার থেকে হেয়াকো বাজার পর্যন্ত মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়। প্রায় ৩-৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে র্যালিটি হেয়াকো বাজারে গিয়ে শেষ হয়।
সমাবেশে সারোয়ার আলমগীর বলেন, ‘আগামী প্রজন্মকে সন্ত্রাস ও মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রতিটি গ্রামে ধারাবাহিকভাবে জনসম্পৃক্ত উদ্যোগ নিতে হবে। উত্তর ফটিকছড়ির গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড ও অলিগলিতে সচেতনতামূলক কার্যক্রম চালানোর পাশাপাশি এটিকে বৃহত্তর সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।’
‘সরকারের নেওয়া মাদকবিরোধী কর্মসূচির আওতায় চট্টগ্রাম-২ নির্বাচনি এলাকার ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর—দুই উপজেলায় ধারাবাহিকভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়িয়ে তরুণদের বিপথগামিতা ঠেকাতে উদ্যোগ নেওয়া হবে।’
উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘ফটিকছড়ি উত্তর দিয়ে রামগড় পর্যন্ত রেলপথ স্থাপন, হেয়াকোতে পৌরসভা গঠন এবং শিল্পাঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে এ অঞ্চলের যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা তৈরি হবে।’
শিক্ষার্থী ও অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে সারোয়ার আলমগীর বলেন, ‘সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে এবং কার সঙ্গে সময় কাটাচ্ছে—এসব বিষয়ে পরিবারের সদস্যদের নজর রাখতে হবে।’
বিশেষ করে মাগরিবের পর অপ্রয়োজনে সন্তানদের বাইরে না রাখার বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। র্যালিতে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে, বিএনপি নেতা আবুল খায়ের, ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন, সম্পাদক শফিউল আজম, সাবেক চেয়ারম্যান একরামুল হক বাবুল, মোজাম্মেল হায়দার বাবু, আবুল হোসেন আবু, কামাল সিকদার, যুবদল নেতা নুরুল আমিন, একরামুল হক প্রমুখ অংশ নেন।
কেকে/এমএ