সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বিদ্যালয়ের ভবনের সঙ্গে শিক্ষার কোনো সম্পর্ক নেই: ফজলুল হক মিলন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের যেমন ভূমিকা রাখতে হবে, তেমনি শিক্ষার্থীদেরও কঠোর পরিশ্রম করতে হবে। বিদ্যালয়ের ভবন বা বিল্ডিংয়ের সঙ্গে শিক্ষার কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার ভাদার্ত্তী গ্রামে ঐতিহ্যবাহী মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

ফজলুল হক মিলন বলেন, নতুন ভবন, আধুনিক অবকাঠামো কিংবা দৃষ্টিনন্দন শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করলেই শিক্ষার মান নিশ্চিত হয় না। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীর আন্তরিকতা, দায়িত্বশীলতা ও কঠোর পরিশ্রম সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়; শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। এজন্য শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং শিক্ষার্থীদেরও মনোযোগ দিয়ে পড়াশোনা ও কঠোর পরিশ্রম করতে হবে।’

তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের যুবশক্তি। তাদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে তারা দেশের উন্নয়ন ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। একটি ছোট সমাজ থেকেই বড় রাষ্ট্রের ভিত্তি তৈরি হয়। তাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্ব দিয়ে সংসদ সদস্য বলেন, শুধু পাঠ্যবইয়ের পড়াশোনার মধ্যে তাদের সীমাবদ্ধ রাখলে চলবে না। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি খেলাধুলায়ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে। এতে তারা মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার সুযোগ পাবে।

স্থানীয় কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, কালীগঞ্জের বিভিন্ন শিল্পকারখানা ও প্রতিষ্ঠানে যোগ্যতার ভিত্তিতে স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের সুযোগ দিতে হবে। স্থানীয় বেকারদের যোগ্যতা অনুযায়ী কাজে যুক্ত করা গেলে এলাকার বেকারত্বের সমস্যা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, বিএনপি নেতা হুমায়ুন কবির মাস্টার, খালেকুজ্জামান বাবলু, মোহাম্মদ হোসেন আরমান মাস্টার, আলমগীর হোসেন স্বপন ও ইব্রাহিম প্রধান।

এ সময় মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস, সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এ কে এম ফজলুল হক মিলনের দিনের কর্মসূচি শুরু হয়। পরে তিনি পর্যায়ক্রমে কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যুগলী উচ্চ বিদ্যালয়, জামালপুর রাজমোহন বিদ্যাপীঠ ও চুপাইর বালিকা বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

পরে উপজেলার বক্তারপুরের ফুলদী এলাকায় বেলাই বিলে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close