রাজশাহীতে পৃথক মাদকবিরোধী ও বিশেষ অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা এবং দেশীয় অস্ত্রসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মাদক ব্যবসার অভিযোগে তিনজন, মাদক সেবনের অভিযোগে একজন এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে পাঁচজন রয়েছেন। পৃথক অভিযানে আরও বিভিন্ন মামলায় ছয়জনসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (১৪ সেপ্টেম্বর) মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কাটাখালী থানার টাংগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অভিযান চালিয়ে দুই গ্রাম হেরোইনসহ রাসেল মন্ডলকে (৩০) গ্রেপ্তার করে। রাসেলের বিরুদ্ধে মাদক সংক্রান্ত ছয়টি মামলা রয়েছে।
একই দিন বেলপুকুর থানা পুলিশ জয়পুর গ্রামে অভিযান চালিয়ে তিন গ্রাম হেরোইনসহ জিয়ারুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বেলপুকুর থানায় একটি মাদক মামলা রয়েছে।
শাহমখদুম থানা পুলিশ বড়বনগ্রাম চকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১১টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সোহাগ আলীকে (২৪) গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে।
এদিকে চন্দ্রিমা থানায় মাদক সেবনের অভিযোগে হৃদয় ইসলামকে (২৭) তার বাবা-মা পুলিশের কাছে হস্তান্তর করেন। স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকের মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
অন্যদিকে রাজপাড়া থানার শেষমাথা এলাকায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে সালমান (২৩), বাঁধন ওরফে নুর (২৪), বিদ্যুৎ (২১), আব্দুর রহিম (২২) ও নাইম আহাম্মেদকে (২৪) গ্রেপ্তার করা হয়। এ সময় চাকু, হাসুয়া, দুটি চেইন রিং গিয়ার, চারটি ইয়াবা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আলামিনসহ আরও কয়েকজন পালিয়ে যায়।
এ ছাড়া আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আটজন, মাদক মামলায় ১১ জন এবং অন্যান্য মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কেকে/এআই