মক্কা ও মদিনায় হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। একই সঙ্গে সৌদি আরবের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছে সংস্থাটি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জেদ্দা থেকে দেওয়া এক বিবৃতিতে এসব কথা জানায় ওআইসি।
বিবৃতিতে বলা হয়, ৫৭টি মুসলিম দেশের এই সংস্থা পবিত্র স্থান, মসজিদ ও বেসামরিক স্থাপনায় হুতিদের হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখছে। এসব হামলা ইসলামী মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনবিরোধী বলেও উল্লেখ করা হয়।
ওআইসি জানায়, পবিত্র স্থান ও মসজিদের মর্যাদা ক্ষুণ্ন করা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এমন ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এর আগে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মক্কার দক্ষিণে একটি ড্রোন শনাক্ত করে সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, ড্রোনটি মক্কার নির্ধারিত সীমার আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়। পরে ড্রোনটির ধ্বংসাবশেষ মক্কার দক্ষিণে পড়ে।
জোটের দাবি, মক্কাকে লক্ষ্য করে এটি হুতিদের দ্বিতীয় হামলার চেষ্টা। এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই মক্কার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে জানান আল-মালিকি।
তিনি বলেন, দুই পবিত্র মসজিদ ও সেখানে আসা মুসল্লিদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে জোট প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বিবৃতিতে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা এবং পবিত্র স্থান ও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় দেশটির সরকারের নেওয়া পদক্ষেপের প্রতিও সমর্থন জানিয়েছে ওআইসি।
কেকে/ এমএস