নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আইয়ুব আলী (৪৫) নামে ভাঙারি ব্যবসায়ীর হাত-পা বাঁধা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কাঁচপুর উত্তরপাড়া এলাকায় একটি গোডাউনের পেছনের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আইয়ুব আলী ওই এলাকার আলতাফ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, আইয়ুব আলী সোমবার বাসা থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি। তিনি বন্ধ জালালাবাদ ওষুধ কোম্পানির একটি গোডাউন ভাড়া নিয়ে সেখানে ভাঙারি ব্যবসা করতেন। বুধবার সকালে গোডাউনের পেছনের ডোবায় বস্তাবন্দি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বারিক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
কেকে/সাশ