বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: একনেকে অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প      জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার      গুলশানে আ.লীগের মিছিলের পাঁচ দিন পর ওসি ক্লোজড      শিক্ষিকা রনজিনা নিহতের ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার      পাঠ্যবইয়ে ঠাঁই পাচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’      ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি      দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত      
রাজধানী
অপরাধীদের বিরোধেই ঝরছে অপরাধীদের প্রাণ
নিজাম উদ্দিন, ঢাকা
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় অপরাধী গ্রুপগুলোর বিরোধ, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে ঘিরে সংঘর্ষের ঘটনা নতুন নয়। এক গ্রুপের সঙ্গে আরেক গ্রুপের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছেন তাদেরই সদস্যরা। সর্বশেষ কেরানীগঞ্জের আরশীনগরে ফরহাদ হোসেন (২৫) নামে যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশের দাবি, ফরহাদ কিশোর গ্যাং ‘পাটালী গ্রুপের’ সদস্য ছিলেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কেরানীগঞ্জের আরশীনগর এলাকার ‘রাজ’ নামের একটি সেলুনে ফরহাদের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাং ‘পাটালী’ ও ‘এলেক্স’ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহত ফরহাদ পাটালী গ্রুপের সদস্য ছিলেন। এর আগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং কিছুদিন আগে জামিনে কারাগার থেকে বের হন তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কেরানীগঞ্জ ও উত্তরা পশ্চিম থানায় তার নামে দুটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

ফরহাদের স্বজনদের দাবি, তিনি মোহাম্মদপুরের ময়ূর ভিলা এলাকায় ফুটপাতে মাছের ব্যবসা করার চেষ্টা করছিলেন। সেখানে একটি কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য তার কাছে চাঁদা দাবি করেন। এককালীন ৫০ হাজার টাকা দেওয়ার পাশাপাশি প্রতিদিনও চাঁদা দিতে বলা হয়েছিল বলে দাবি স্বজনদের। ফরহাদ এতে রাজি না হওয়ায় তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়।

স্বজনদের ভাষ্য, পরে ওই পক্ষের ১০ থেকে ১৫ জন তাকে হুমকি দেয়। চাঁদা না দিলে এলাকায় ব্যবসা করতে দেওয়া হবে না বলেও জানানো হয়। এর কয়েক দিন পর মঙ্গলবার দুপুরে বাসার কাছের আরশীনগরের একটি সেলুনে চুল কাটাতে যান ফরহাদ। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া ৭-৮ জনের একটি দল তার ওপর হামলা চালায় বলে দাবি স্বজনদের। হামলাকারীরা তাকে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা ও স্বজনরা আহত ফরহাদকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে ফরহাদের স্বজনদের করা চাঁদা দাবির অভিযোগ এখনো পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। হত্যার কারণ এবং হামলায় কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কেরানীগঞ্জে পরিবারের সঙ্গে বসবাস করলেও ফরহাদের চলাফেরা ছিল মোহাম্মদপুরকেন্দ্রিক। ফুটপাতে ব্যবসা করার পরিকল্পনা করেছিলেন তিনি। তবে সেই পরিকল্পনা বাস্তবায়নের আগেই নিজ এলাকার কাছাকাছি আরশীনগরে হামলার শিকার হয়ে প্রাণ হারান।

ফরহাদ কেরানীগঞ্জের আরশীনগর এলাকার মেম্বার গলিতে পরিবারের সঙ্গে থাকতেন। তার গ্রামের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার নুরাবাদ গ্রামে। তার বাবা ফারুক হোসেন।

একই ধরনের হামলায় নিহত এলেক্স ইমন

মোহাম্মদপুরের স্থানীয়দের ভাষ্য, এর আগে গত ১২ এপ্রিল রায়েরবাজার বেড়িবাঁধের বুদ্ধিজীবী রোড এলাকায় একই ধরনের হামলায় ‘এলেক্স গ্রুপের’ প্রধান ইমন ওরফে এলেক্স ইমন নিহত হন। এবার পাটালী গ্রুপের সদস্য হিসেবে পরিচিত ফরহাদও সশস্ত্র হামলায় নিহত হলেন।

স্থানীয়দের দাবি, মোহাম্মদপুর, রায়েরবাজার ও আশপাশের এলাকায় বিভিন্ন কিশোর গ্যাং ও অপরাধী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। নির্দিষ্ট এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং নিজেদের প্রভাব ধরে রাখাকে কেন্দ্র করে এসব গ্রুপের মধ্যে সংঘাত তৈরি হয়। এক পক্ষের নিয়ন্ত্রিত এলাকায় অন্য পক্ষের সদস্যদের উপস্থিতিও অনেক সময় বিরোধের কারণ হয়ে দাঁড়ায়।

আইনশৃঙ্খলা সংশ্লিষ্টরা বলছেন, অপরাধী গ্রুপগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার ও অপরাধকেন্দ্রিক বিরোধ থেকেই অনেক সময় সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফরহাদ হত্যার পেছনে সুনির্দিষ্ট কারণ কী এবং কারা এতে জড়িত, তদন্ত শেষ হওয়ার পরই তা নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  রাজধানী   অপরাধ   কিশোর গ্যাং  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close