‘মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান, নজরুলের অসাম্প্রদায়িক চেতনায় গড়ে উঠুক সুন্দর সমাজ’—এ মূলমন্ত্রে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা স্তরের বাবুখালী আফতাব উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে নজরুল জয়ন্তী উদযাপিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন পর্যায়ে এবং মাধ্যমিক বিদ্যালয়ে চারটি জোনে ভাগ করে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বিষয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
মাধ্যমিক পর্যায়ের চার জোনের কেন্দ্রগুলো হলো—মহম্মদপুর সরকারি আরএসকেএস ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়, বাবুখালী আফতাব উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, বিনোদপুর ননীবালা বালিকা বিদ্যালয় এবং নহাটা রানীপতিত মাধ্যমিক বিদ্যালয়। এ সব কেন্দ্রে একযোগে জোন ভিত্তিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এরই ধারাবাহিকতায় বাবুখালী আফতাব উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাবুখালী জোনের মাধ্যমিক পর্যায়ের নজরুল জয়ন্তী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একই সাথে নজরুল বর্ষ উপলক্ষে মহম্মদপুর ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মহম্মদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন পর্যায়ের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, গান, নৃত্য, একক অভিনয় ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাবুখালী আফতাব উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী।
তিনি বলেন, ‘শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের পড়ালেখা শেষ করে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হতে হবে। মাদকমুক্ত ও বাল্যবিবাহমুক্ত একটি সুন্দর সমাজ গঠনে তরুণ প্রজন্মকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে।’
নজরুলের অসাম্প্রদায়িক চেতনার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, ‘কাজী নজরুলের সাম্য ও মানবতাবাদী বাণীকে হৃদয়ে ধারণ করে আমাদের সবাইকে একটি সম্প্রীতি ও বৈষম্যহীন সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাবুখালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাফিজুর রহমান বাকি মিয়া, মহম্মদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার প্রণব কুমার পোদ্দার, প্রেস ক্লাব মহম্মদপুরের ভারপ্রাপ্ত সভাপতি মেহেদী হাসান পলাশ, উপজেলা আইসিটি কর্মকর্তা ওয়ালীউল্লাহ এবং বাবুখালী আফতাব উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন আলী খান।
দিনব্যাপী এ আয়োজনে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা, নজরুল গীতি, আবৃত্তি ও মনোরম সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, প্রাথমিক ও মাধ্যমিক—উভয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে কবি নজরুলের বিদ্রোহী চেতনা, অসাম্প্রদায়িক মূল্যবোধ ও সাহিত্যকর্মকে ব্যাপকভাবে ছড়িয়ে দিতেই এ ইউনিয়ন ও জোন ভিত্তিক প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনগুলোতেও উপজেলার অন্যান্য ইউনিয়ন ও জোনে এ উদযাপন অব্যাহত থাকবে।
কেকে/এআই