সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম জোরদার এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করতে রংপুর রেঞ্জের ৮ জেলা ও বিশেষায়িত ইউনিটের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় রংপুর জেলা পুলিশ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ। সভায় উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার অ্যাডিশনাল ডিআইজি (হেডকোয়ার্টার্স) মোহাম্মদ শরীফ উদ্দিন, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশনস) বিএম আশরাফ উল্ল্যাহ তাহেরসহ রেঞ্জের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় রংপুরসহ রেঞ্জের ৮ জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের কার্যক্রম এবং বিশেষায়িত ইউনিটগুলোর কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। পাশাপাশি জেলা পুলিশ, গোয়েন্দা ও অন্যান্য সংশ্লিষ্ট ইউনিটের মধ্যে তথ্য আদান-প্রদান ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
অপরাধ সংঘটনের আগেই সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহার, অপরাধপ্রবণ এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো এবং পরিস্থিতি অনুযায়ী দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে সভায় আলোচনা হয়।
আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে রংপুর রেঞ্জের প্রতিটি জেলার নিরাপত্তা প্রস্তুতি ও মাঠপর্যায়ের পরিস্থিতিও পর্যালোচনা করা হয়। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে আগাম প্রস্তুতি এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিতভাবে ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে কুইক রেসপন্স টিমের (কিউআরটি) কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়।
সভায় মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়। নিয়মিত নজরদারি, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম অব্যাহত রাখার বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সমন্বিত কার্যক্রমের মাধ্যমে রংপুর রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সভা শেষ হয়।
কেকে/এআই