কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে ক্যাম্প এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিয়ানে বিভিন্ন অপরাধের জন্য ১৫ জনকে সাজা দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এপিবিএন-১৬ অধীনস্থ সকল ক্যাম্প এলাকায় এক যোগে এ অভিযান পরিচালিত হয়।
এপিবিএন-১৬ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে এপিবিএন-১৬, জেলা পুলিশ, র্যাব, ব্যাটালিয়ন আনসার, কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মোট ১০৫ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।
অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক আভিযানিক দল অভিযান চালিয়ে পুলিশ অ্যাসল্ট মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করে। একইসঙ্গে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারটি ওয়ারেন্ট তামিল করা হয়।
এ ছাড়া অনলাইন জুয়া, পুলিশি কাজে বাধা প্রদানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে দুজনকে ছয় মাস করে, চারজনকে তিন মাস করে এবং চারজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান শেষে এপিবিএন-১৬ জানায়, বিশেষ এ অভিযানে একজন এজাহারনামীয় আসামি গ্রেপ্তার, চারটি ওয়ারেন্ট তামিল এবং মোবাইল কোর্টে ১০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থাৎ মোট ১৫ জনকে গ্রেপ্তার ও বিভিন্ন আইনানুগ ব্যবস্থার আওতায় আনা হয়েছে।
ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে এপিবিএন-১৬।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
কেকে/এআই