টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মায়ের ধারালো ছুরির আঘাতে মো. আশরাফুল নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ৯ বছরের বোন সিরজাতুন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়াড়বাইদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ও আহত সিরজাতুন ওই এলাকার মো. শাহীন মিয়ার সন্তান। এ ঘটনায় অভিযুক্ত মায়ের নাম আকলিমা আক্তার।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে আকলিমা আক্তার ঘরে থাকা কেক কাটার ধারালো ছুরি দিয়ে তার দুই সন্তানকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে শিশু দুটি রক্তাক্ত ও গুরুতর আহত হয়।
পরে পরিবারের স্বজনেরা দ্রুত তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাড়ে তিন বছরের আশরাফুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সিরজাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এ ঘটনায় মামলা ও অন্যান্য আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/এমএস