টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ছাওতুন ক্বোরআন হাফিজিয়া মাদরাসা প্রতিনিয়তই সাফল্যে অর্জন করছে। এ মাদরাসা থেকে প্রতিবছর দক্ষ শিক্ষকদের পাঠদানে হাফেজ হচ্ছেন অনেক শিক্ষার্থী। সম্প্রতি মাদরাসা থেকে ৯ বছর বয়সী শিক্ষার্থী মুস্তাকীম মাত্র ১৮ মাসে ৩০ পারা কুরআন মুখস্ত করে হাফেজ হয়েছেন। এ ছাড়াও আরও দুইজন শিক্ষার্থী হাফেজ হয়েছে।
বুধবার (১৬সেপ্টেম্বর) দুপুরে ছাওতুন ক্বোরআন হাফিজিয়া মাদরাসার হলরুমে শিক্ষার্থীদের ছবক গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ছাওতুন ক্বোরআন হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশ পৌর সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ ক্বারী মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান। প্রধান মেহমানের বক্তব্য দেন হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ধনবাড়ী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব হাফেজ কারী মো. মাহফুজুল হক।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ধনবাড়ী উপজেলা বিএনপির সহসভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম মোহাব্বত, নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু, হেফাজতে ইসলাম বাংলাদেশ ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি মুফতি রফিক আহমদ ও ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনটিভির সাংবাদিক হাফিজুর রহমান, অভিভাবক হাফেজ আবু সাঈদ পাঠান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধনবাড়ী উপজেলার মধ্যে পরিবেশ, নিরাপত্তা, উন্নত শিক্ষার মান এবং যত্নশীলতার মাধ্যমে পাঠদান করিয়ে যে সুনাম অর্জন করেছে তা সত্যিই খুব প্রশংসনীয়। এ মাদরাসার শিক্ষার্থীরা শুধু ধনবাড়ী উপজেলা বা টাঙ্গাইল জেলা নয় বিভাগীয় এবং দেশের বাইরে থেকে বিভিন্ন কোরআন হাদিস প্রতিযোগীয়তায় অংশগ্রহণ করে পেয়েছে সাফল্য। অর্জন করেছে স্বর্ণ ও রৌপ্য পদক। যা ধনবাড়ী উপজেলাবাসীর জন্য গর্বের। সেই সঙ্গে আগামী দিনে এ মাদরাসার শিক্ষার্থীরা দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।
মো. রুহুল আমিন বলেন, ‘আমি একজন হাফেজ মানুষ মহান আল্লাহ পাক আমাকে কোরআন দান করেছেন। সে কারণে আমি চেয়েছি আমার মত যেনো বাচ্চারা কোরআন শিখে দীনদ্বার হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করতে পারে ও পরকালের জন্য এবং মহানবী হযরত মুহাম্মদ (সা) এর সন্তষ্টি লাভ করতে পারে এমন প্রত্যাশা থেকেই এ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছি। তবে ধনবাড়ীবাসীর সকলের নেক নজর ও সার্বিক সহযোগীতা কামনা করছি।’
প্রসঙ্গত, মাদরাসাটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। ধনবাড়ী পুরাতন থানা ভবনের ১০০ গজ উত্তর পাশে নিজবর্ণি নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের পূর্ব পাশে মাদরাসাটির অবস্থান।
কেকে/এআই