ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জুমার নামাজের সময় মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পৌরসভার সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন বড় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে তিনি মুসল্লিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
মতবিনিময়কালে অনলাইন জুয়া, কিশোরদের বিপথগামিতা ও সামাজিক অপরাধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ওসি সাজ্জাদ রোমন। তিনি অভিভাবকদের প্রতি সন্তানদের পারিবারিক, নৈতিক ও ধর্মীয় শিক্ষা দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সন্তানরা সন্ধ্যার পর কোথায় যায়, কার সঙ্গে মেলামেশা করে—এসব বিষয়ে অভিভাবকদের সচেতন ও খোঁজখবর রাখার পরামর্শ দেন।
এ সময় তিনি ঈশ্বরগঞ্জ পৌরসভা এলাকায় সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম কার্যক্রমে সম্মানিত নাগরিকদের সহযোগিতা কামনা করেন। সিআইএমএস’-এর মাধ্যমে বাড়ির মালিক, ভাড়াটিয়া ও মেসবাসীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে একটি ডিজিটাল ডাটাবেসে সংরক্ষণ করা হবে।
পুলিশ জানায়, ময়মনসিংহের পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থা জোরদারের লক্ষ্যে ঈশ্বরগঞ্জ থানায় এ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। থানার বিট কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে সিআইএমএস ফরম পৌঁছে দেবেন। বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা প্রয়োজনীয় তথ্য ও ছবি দিয়ে ফরম পূরণ করে থানায় জমা দিলে তা ডিজিটাল ডাটাবেসে সংরক্ষণ করা হবে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন বলেন, “অনেক সময় অপরাধীরা এক এলাকায় অপরাধ সংঘটনের পর অন্য এলাকায় গিয়ে বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে থাকে। সিআইএমএস’-এর মাধ্যমে বাড়ি ও বাসিন্দাদের তথ্য সংরক্ষিত থাকলে অপরাধীদের শনাক্তকরণ এবং কোনো অপরাধ সংঘটিত হলে তদন্ত ও রহস্য উদঘাটনে তা সহায়ক ভূমিকা রাখবে।”
এ কার্যক্রম সফল করতে বাড়ির মালিক, ভাড়াটিয়া ও পৌর এলাকার সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করেন ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন। মতবিনিময় শেষে মুসল্লি ও স্থানীয় নাগরিকরা এ কার্যক্রমে সহযোগিতা করার আশ্বাস দেন।
কেকে/সাশ