শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করছে : নাহিদ ইসলাম      এক দফায় পরিণত হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে : ডা. শফিকুর রহমান      আট দফা দাবিতে ১১ দলের রংপুরমুখী লংমার্চ শুরু      বাংলাদেশ ১০১ চুক্তি পর্যালোচনা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ভারত      তেজগাঁও মসজিদে গোপন বৈঠক থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩      আসিয়ান কাপের বাংলাদেশ দলে ফারহান, শুকি ও জিদান      পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৬      
খোলাকাগজ স্পেশাল
রোহিঙ্গা ক্যাম্পে পানির তীব্র সংকট
মো. নেজাম উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৭ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা শিবিরগুলোতে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। পাহাড়ি ও ক্যাম্প এলাকায় ২০ থেকে ৩০ ফুট নিচে পাথর ও শিলাস্তর থাকায় পর্যাপ্ত ভূগর্ভস্থ পানি পাওয়া যায় না। দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে গিয়ে নারী ও শিশুরা বিভিন্ন হয়রানি ও নিরাপত্তার ঝুঁকিতে পড়ছে।

২০১৭ সাল থেকে রোহিঙ্গারা বাংলাদেশের উখিয়া ও টেকনাফের কিছু অংশে অবস্থান করে আসছে। গত ৯ বছরেও তাদের প্রত্যাবাসনের কোন পদক্ষেপ নজরে আসছে না। যার কারণে কক্সবাজারের স্থানীয়রা নানামুখী সমস্যায় রয়েছে। তারমধ্যে অন্যতম বড় সমস্যা হচ্ছে নিরাপদ পানির সংকট। 

বর্তমানে টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে। দৈনিক মাত্র ২০ লিটার পানির বরাদ্দে রান্না, পানীয় জল, পরিচ্ছন্নতা থেকে শুরু করে সব কাজ সারতে গিয়ে নাভিশ্বাস উঠছে রোহিঙ্গা ও স্থানীয় অধিবাসীদের। প্রয়োজনের তুলনায় পানির এই সরবরাহ একেবারেই অপ্রতুল হওয়ায় তীব্র মানবিক ঝুঁকির মুখে পড়েছেন ক্যাম্পের হাজার হাজার বাসিন্দা।

সরেজমিনে দেখা যায়, টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প-২২ এর বাজার এলাকার একটি ট্যাপস্ট্যান্ড। দুপুর ২টা ৪০ মিনিট। বড় একটি  পানির কনটেইনারে পানি ভরছেন আশরাফ। পাহাড়ি উঁচুনিচু পথ পেরিয়ে কাঁধে করে সেই পানি ক্যাম্পের খুপড়ি ঘরে নিয়ে যেতে তার সময় লাগে সাত থেকে আট মিনিট। দ্রুত পানি নেওয়ার জন্য কাঁধে দুই পাশে এবং হাতে করে একসঙ্গে কয়েকটি পাত্র নিয়ে যান তিনি। বৃদ্ধ বাবা-মা ও চার ভাইবোনের সংসারে প্রতিদিন পরিবারের জন্য পানি সংগ্রহের দায়িত্ব আশরাফের।

তার ভাষায়, সুস্থ থাকুন বা অসুস্থ, পানি আনতেই হবে। আশরাফ বলেন, ‘পানি টানতে টানতে শরীর ব্যথা হয়ে যায়। জনপ্রতি ২০ লিটার পানি দেওয়া হয়। এই পানি দিয়েই খাবার, রান্না, গোসল ও শৌচকর্ম, সব করতে হয়। একজন মানুষের জন্য ২০ লিটার কোনওভাবেই যথেষ্ট নয়।

তিনি বলেন, ‘মানুষ একবেলা না খেয়ে থাকতে পারে, কিন্তু পানি ছাড়া তো উপায় নেই। টয়লেট ব্যবহারের পর অতিরিক্ত পানি ঢালতেও পারি না। ফলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এর মধ্যেই আমরা বেঁচে আছি।’

খরার সময় পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে জানিয়ে আশরাফ বলেন, ‘বৃষ্টির দিনে মাপে কিছুটা ছাড় থাকে। কিন্তু খরার মৌসুমে ২০ লিটার পানিও পাওয়া কঠিন হয়ে যায়। তখন তিন-চার দিন পরপর গোসল করি। গোসল করে পানি শেষ করে ফেললে রান্না বা অন্য জরুরি কাজ করা যাবে না।’ 

তিনি জানান, অক্সফাম পানির ব্যবস্থা না করলে তাদের দুর্ভোগ আরও বাড়ত। আগে অনেক দূর থেকে পানি আনতে হতো। পথে মেয়েরা প্রায়ই হয়রানির শিকার হতেন বলেও জানান তিনি। ‘এত কষ্টের মধ্যে থাকা যায় না। আমরা আমাদের নিজ দেশে ফিরে যেতে চাই’- বলেন আশরাফ।

একই ট্যাপস্ট্যান্ডে আট বছর বয়সি মেয়েকে সঙ্গে নিয়ে পানি সংগ্রহ করতে এসেছেন আছিয়া। স্বামী অসুস্থ হওয়ায় প্রতিদিন তিনিই পরিবারের জন্য পানি আনেন। তাদের ঘর থেকে ট্যাপস্ট্যান্ডে হেঁটে যেতে সময় লাগে প্রায় পাঁচ মিনিট।

আছিয়া বলেন, ‘দুই মেয়ে, এক ছেলে আর অসুস্থ স্বামীকে নিয়ে সংসার। একা এত পানি টেনে আনা খুব কষ্টের। তাই মাঝে মাঝে মেয়েকেও সঙ্গে নিয়ে আসি।’

তিনি বলেন, ‘জনপ্রতি ২০ লিটার পানি দিয়ে রান্না, খাওয়া, গোসল, সব চালানো অসম্ভব। খরার সময় সরবরাহ আরও কমে যায়। তখন পরিবারের সবাই প্রতিদিন গোসল করতে পারে না। একদিন একজন, পরদিন আরেকজন গোসল করি।’

সরেজমিনে আছিয়ার ঘরে দেখা যায়, হাঁড়ি-পাতিল আধোয়া অবস্থায় পড়ে আছে। কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘পানির অভাবে সব সময় বাসন পরিষ্কার করে রাখা যায় না। রান্না করার সময়ই ধুয়ে নিই।’

২০১৭ সাল থেকে ডিএসকে (দুস্থ স্বাস্থ্য কেন্দ্র) ও অক্সফাম যৌথভাবে রোহিঙ্গা ক্যাম্পে নিরাপদ পানির ব্যবস্থা নিয়ে কাজ করছে। 

ডিএসকের সহকারী প্রকৌশলী ফজলুল করিম বলেন, ‘টেকনাফে নিরাপদ পানির অন্যতম বড় সমস্যা ভূগর্ভস্থ পানির সংকট। ২০ থেকে ৩০ ফুট নিচে গেলেই পাথর ও শিলাস্তর পাওয়া যায়। ফলে পর্যাপ্ত ভূগর্ভস্থ পানি পাওয়া যায় না। অথচ ক্যাম্পে প্রতিদিন প্রায় পাঁচ লাখ লিটার পানির প্রয়োজন। এই চাহিদা পূরণে স্থাপন করা হয়েছে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট।’ 

পানি পরিশোধনের প্রক্রিয়া ব্যাখ্যা করে তিনি বলেন, ‘প্রথমে ঘোলা পানিকে ফিটকিরি দিয়ে স্বচ্ছ করা হয়। এরপর ক্লোরিন প্রয়োগ করে জীবাণুমুক্ত করা হয়।’

ফজলুল করিম বলেন, ‘শুধু প্ল্যান্টে নয়, ট্যাপস্ট্যান্ড ও পরিবারের ঘরেও পানির মান পরীক্ষা করা হয়। প্ল্যান্ট থেকে পানি দ্বিতীয় সংরক্ষণ ট্যাংকে নেওয়ার পর চারটি ডিস্ট্রিবিউশন ব্লকের মাধ্যমে ১৩৭টি ট্যাপস্ট্যান্ডে সরবরাহ করা হয়। প্রতিদিন সকাল ৭টা ও দুপুর ২টা ৪০ মিনিটে পানি বিতরণ করা হয়। হোস্ট কমিউনিটির জন্যও রয়েছে তিনটি পৃথক ট্যাপস্ট্যান্ড। এসব ট্যাপস্ট্যান্ডের মাধ্যমে ৬৯৩ জন স্থানীয় বাসিন্দা নিরাপদ পানি পাচ্ছেন।’

ফজলুল করিম জানান, খাল শুকিয়ে গেলে জনপ্রতি পানির পরিমাণ ২০ লিটার থেকে ১৫ লিটারে নেমে আসে। তিনি বলেন, ‘ওয়াশ সেক্টরের নির্দেশনা হলো, কোনও অবস্থাতেই ১০ লিটারের নিচে পানি দেওয়া যাবে না। এখন পর্যন্ত আমাদের ১০ লিটারে নামতে হয়নি; সর্বনিম্ন ১৫ লিটার সরবরাহ করছি।’ 

শুধু রোহিঙ্গারাই নন, টেকনাফের স্থানীয় বাসিন্দারাও বলছেন, অক্সফামের সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালুর আগে তাদেরও দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হতো।

স্থানীয় উপকারভোগীরা জানান, আগে এই এলাকায় মেয়েদের বিয়ে দিতে অনেকে অনাগ্রহী ছিলেন। কারণ ভোর বা সন্ধ্যায় দূরে পানি আনতে গিয়ে নারীরা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতেন। এখন কাছের ট্যাপস্ট্যান্ড থেকে দিনে দুইবার পানি পাওয়ায় তাদের ভোগান্তি অনেক কমেছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান বলেন, ‘বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিদ্যমান সেবাগুলো টিকিয়ে রাখা।’

তিনি বলেন, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো রক্ষণাবেক্ষণ, সব সেবা আগের মতো বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। অনেক সংস্থা তহবিল শেষ হয়ে যাওয়ায় প্রকল্প গুটিয়ে নিচ্ছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থার সহায়তাও কমেছে।
মিজানুর রহমান সতর্ক করে বলেন, ১২ লাখ রোহিঙ্গা দীর্ঘদিন বহন করা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। 

প্রতিদিন ভোরে পানি সংগ্রহের জন্য টিউবওয়েল ও সাপ্লাই পয়েন্টগুলোর সামনে দেখা যায় বালতি আর কলসি হাতে দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অনেকে পাচ্ছেন না কাঙ্ক্ষিত পানি। মাত্র ২০ লিটার পানিতে এক পরিবারের জন্য রান্না ও খাওয়ার পানি নিশ্চিত করাই অসম্ভব হয়ে পড়েছে। ফলে গোসল ও কাপড় ধোয়ার মতো মৌলিক বিষয়গুলো প্রায় বাদই দিতে হচ্ছে।

পর্যাপ্ত পানির অভাবে ক্যাম্পগুলোতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও ছোঁয়াচে রোগবালাই ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা পানিবাহিত রোগের চরম ঝুঁকিতে রয়েছেন। দূর-দূরান্ত থেকে হেঁটে ভারী পাত্রে পানি বহন করে আনতে গিয়ে তীব্র শারীরিক ভোগান্তির শিকার হচ্ছেন নারী ও কিশোরীরা।

ক্যাম্পের অধিবাসীরা জানান, সরকারের বরাদ্দ ও ত্রাণ সংস্থাসমূহের দেয়া বর্তমান সরবরাহ দিয়ে কোনোভাবেই সংসার চালানো যাচ্ছে না। জরুরিভিত্তিতে পানির সরবরাহ না বাড়ানো হলে ক্যাম্পের সামগ্রিক পরিবেশ ও জনস্বাস্থ্য আরও মারাত্মক হুমকির মুখে পড়বে।

দ্রুত গভীর নলকূপ স্থাপন, ওয়াটার ট্র্যাকিং (ট্যাঙ্কারে পানি সরবরাহ) বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত পানির লাইনগুলো মেরামতের জন্য জরুরি পদক্ষেপ নিতে মানবিক সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগীরা।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  রোহিঙ্গা ক্যাম্প   পানির তীব্র সংকট  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close