শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর হবে যেভাবে      বিশ্ববিদ্যালয় সংলগ্ন জঙ্গল থেকে কুবি শিক্ষিকার নিখোঁজ ছেলের লাশ উদ্ধার      ঢাকায় নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৫      বাঘা সীমান্তে বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি      তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, ৩ শিশুর মৃত্যু      বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করছে : নাহিদ ইসলাম      এক দফায় পরিণত হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে : ডা. শফিকুর রহমান      
স্বাস্থ্য
বান্দরবানে নানা রোগের প্রকোপ, স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণের ঝুঁকি
কৌশিক দাশ, বান্দরবান
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানে ম্যালেরিয়া, ডেঙ্গু ও হামের প্রকোপ বাড়ছে। এসব রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই বান্দরবান সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন অসংখ্য রোগী। রোগীর চাপ বাড়লেও চিকিৎসক, শয্যা ও জনবল সংকটে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। এর মধ্যে স্বাস্থ্যবিধি না মেনে বিভিন্ন রোগে আক্রান্তদের পাশাপাশি শয্যায় রাখায় বাড়ছে সংক্রমণের ঝুঁকি।

গত কয়েক মাস ধরে সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ ক্রমাগত বাড়ছে। বহির্বিভাগ ও আন্তর্বিভাগে রোগীর ভিড় সামলাতে গিয়ে তৈরি হচ্ছে নানা সংকট। একই সঙ্গে হাম, ডেঙ্গু ও ম্যালেরিয়া আক্রান্ত রোগীদের জন্য পর্যাপ্ত পৃথক ব্যবস্থা না থাকায় এক রোগ থেকে অন্য রোগে সংক্রমণের আশঙ্কাও বাড়ছে।

একসময় দুর্গম বান্দরবান জেলার মানুষের আতঙ্কের অন্যতম কারণ ছিল ম্যালেরিয়া। প্রতিবছর এ রোগে আক্রান্ত হতেন বিপুলসংখ্যক মানুষ। সময়ের সঙ্গে ম্যালেরিয়ার পাশাপাশি জেলায় বেড়েছে হাম, নিউমোনিয়া ও ডেঙ্গুর প্রকোপও।

রোগীর চাপ বাড়ায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে দেখা গেছে ভিন্ন চিত্র। অনেক ক্ষেত্রে রোগীর সঙ্গে একাধিক স্বজন শয্যার পাশে অবস্থান করছেন। শয্যা না পেয়ে কেউ কেউ মেঝেতেও অবস্থান করছেন। ফলে হাসপাতালের ভেতরেই রোগের সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বান্দরবান সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়া মো. শাহজাহান বলেন, “ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার জন্য হাসপাতালে ভর্তি হয়েছি। এখানে ডেঙ্গু আক্রান্তদের মশারির ভেতরে থাকার জন্য বলা হলেও অনেকেই তা মানছেন না। এতে রোগের সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে।”

হামে আক্রান্ত মং মারমা বলেন, “হাসপাতালে কোনটা হাম রোগী, কোনটা ডেঙ্গু আর কোনটা ম্যালেরিয়া রোগী—তা বোঝার উপায় নেই। রক্ত পরীক্ষা করতে গিয়ে দেখি একজনের গা ঘেঁষে আরেকজন লাইনে দাঁড়িয়ে আছেন।”

জ্বরে আক্রান্ত হয়ে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা মো. ইকবাল বলেন, “বান্দরবানে প্রতিদিনই রোগের প্রকোপ বাড়ছে। সদর হাসপাতালে রোগীর যে চাপ, তা বলার বাইরে। হাসপাতাল কর্তৃপক্ষকে আরও কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। অনেকে রোগে আক্রান্ত হওয়ার পরও রোগী দেখতে শিশুসহ পরিবারের কয়েকজনকে নিয়ে হাসপাতালে এসে শয্যার পাশে বসে থাকছেন। সংক্রমণ আরও বাড়ার আগে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।”

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরে এ পর্যন্ত বান্দরবানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৩৬ জন, হামে ২ হাজার ৩৯ জন এবং ম্যালেরিয়ায় ৪ হাজার ৬২ জন। এ সময়ে ডেঙ্গুতে দুজন এবং হামে ছয়জনের মৃত্যু হয়েছে।

হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও পর্যাপ্ত জনবলের সংকটের কথা স্বীকার করেছে স্বাস্থ্য বিভাগ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পাশাপাশি সংক্রমণের ঝুঁকি কমাতে রোগী ও স্বজনদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, “বান্দরবান সদর হাসপাতালটি ১০০ শয্যার হলেও এখনো ৫০ শয্যার জনবল দিয়ে পরিচালনা করা হচ্ছে। প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে। কিন্তু পর্যাপ্ত জনবল, বিশেষ করে চিকিৎসক ও নার্সের সংকট প্রায়ই দেখা দিচ্ছে।”

তিনি বলেন, হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তাকর্মীও নেই। আক্রান্ত রোগীর সঙ্গে একাধিক স্বজন এসে শয্যার পাশে অবস্থান করায় স্বাস্থ্যবিধি ঠিকভাবে মানা সম্ভব হয় না। রোগের প্রকোপ ও সংক্রমণ কমাতে সবাইকে আরও সচেতন হতে হবে।

মোহাম্মদ তৌহিদুল আনোয়ার আরও বলেন, রোগ থেকে মুক্ত থাকতে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। অসুস্থতার কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করা প্রয়োজন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   রোগের প্রকোপ   সংক্রমণের ঝুঁকি  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close