শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর হবে যেভাবে      বিশ্ববিদ্যালয় সংলগ্ন জঙ্গল থেকে কুবি শিক্ষিকার নিখোঁজ ছেলের লাশ উদ্ধার      ঢাকায় নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৫      বাঘা সীমান্তে বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি      তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, ৩ শিশুর মৃত্যু      বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করছে : নাহিদ ইসলাম      এক দফায় পরিণত হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে : ডা. শফিকুর রহমান      
প্রিয় ক্যাম্পাস
রুয়েটের সঙ্গে আইআইবিএর চুক্তি, মিলবে প্রশিক্ষণ-সার্টিফিকেশনের সুযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সঙ্গে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব বিজনেস অ্যানালাইসিসের (আইআইবিএ) বাংলাদেশ চ্যাপ্টারের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় রুয়েট উপাচার্যের সম্মেলন কক্ষে এ স্মারক স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে রুয়েটের পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক, পরিচালক ড. মো. রবিউল ইসলাম সরকার, সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিক, ইসিই অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান। 

আইআইবিএ বাংলাদেশ চ্যাপ্টারের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ শাহাদাত কবির, পেশাগত উন্নয়ন বিষয়ক সহ-সভাপতি আজুবা খন্দকার, স্বেচ্ছাসেবা বিষয়ক সহ-সভাপতি মো. গোলাম গাউস সরকার এবং সদস্য মো. মাহবুব আলম।

এ সমঝোতার মাধ্যমে রুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের ব্যবসায় বিশ্লেষণ বিষয়ে দক্ষতা উন্নয়ন, পেশাগত প্রশিক্ষণ, সার্টিফিকেশন প্রস্তুতি এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতার সুযোগ আরও বিস্তৃত হবে।

চুক্তির আওতায় আইআইবিএ বাংলাদেশ ও রুয়েট যৌথভাবে ব্যবসায় বিশ্লেষণ বিষয়ে সচেতনতা, দক্ষতা উন্নয়ন এবং পেশাগত সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা চিহ্নিত করবে। এ সব প্রয়োজনের ভিত্তিতে আইআইবিএ বাংলাদেশ সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ, সার্টিফিকেশন প্রস্তুতি সেশনসহ বিভিন্ন পেশাগত উন্নয়ন কার্যক্রম আয়োজন করতে পারবে। প্রযোজ্য ক্ষেত্রে রুয়েট সংশ্লিষ্টরা এ সব কার্যক্রমে বিশেষ বা অগ্রাধিকারমূলক সুবিধায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

এ ছাড়াও আইআইবিএ চ্যাপ্টারের নিয়মিত নেটওয়ার্কিং অনুষ্ঠান, সেমিনার, সম্মেলন, কর্মশালা ও পেশাগত উন্নয়নমূলক কার্যক্রমে রুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। পারস্পরিক সম্মতির ভিত্তিতে রুয়েট এসব নির্বাচিত অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা বা সহ-আয়োজনের সুযোগও পেতে পারে।

পাশাপাশি রুয়েটের ইন্টার্নশিপ, গবেষণা, পরামর্শকতা ও চাকরির সুযোগগুলো প্রতিষ্ঠানের সদস্যদের মধ্যে প্রচার করতে পারবে। একইভাবে প্রযোজ্য নিয়োগ নীতি ও প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট সুযোগে যোগ্য আইআইবিএ সদস্যদের বিবেচনা করতে পারবে রুয়েট।

দুই প্রতিষ্ঠান যৌথভাবে সামাজিক কল্যাণ, টেকসই উন্নয়ন ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে করপোরেট সামাজিক দায়বদ্ধতা এবং কমিউনিটি উন্নয়নমূলক উদ্যোগ পরিকল্পনা, বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়ন করতে পারবে। ব্যবসায় বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা ও উদ্ভাবনকে স্বীকৃতি দিতে আয়োজিত আইআইবিএ বাংলাদেশের সম্মেলন, সামিট, প্রতিযোগিতা, পুরস্কার প্রদান অনুষ্ঠান ও অন্যান্য গুরুত্বপূর্ণ আয়োজনে রুয়েট অংশ নিতে পারবে।

সমঝোতা অনুযায়ী, আইআইবিএ বাংলাদেশের মেন্টরিং কার্যক্রম ও সার্টিফিকেশন স্টাডি সার্কেলে নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে রুয়েটের সংশ্লিষ্টরা অংশ নিতে পারবেন। পাশাপাশি ব্যবসায় বিশ্লেষণের মানদণ্ড, ‘বিজনেস অ্যানালাইসিস বডি অব নলেজ’ গাইড, আইআইবিএ সার্টিফিকেশন এবং সংশ্লিষ্ট পেশাগত উন্নয়নের পথ নিয়ে বিনামূল্যে প্রাথমিক সেশন আয়োজন করতে পারবে প্রতিষ্ঠানটি।

আইআইবিএ বাংলাদেশ চ্যাপ্টার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব বিজনেস অ্যানালাইসিসের (আইআইবিএ) আনুষ্ঠানিক স্থানীয় চ্যাপ্টার। ২০২১ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি দেশে ব্যবসায় বিশ্লেষণ চর্চার প্রসার, মানোন্নয়ন ও পেশাগত বিকাশে কাজ করছে। প্রশিক্ষণ, বিভিন্ন শিক্ষাসামগ্রী ও সার্টিফিকেশন প্রস্তুতির মাধ্যমে পেশাজীবীদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনে সহায়তা করার পাশাপাশি একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে সংযোগ তৈরিতেও প্রতিষ্ঠানটি কাজ করে।

আইআইবিএ বাংলাদেশ নিয়মিত মাসিক ওয়েবিনার, ইন্টার‌্যাকটিভ প্যানেল আলোচনা ও কর্মশালার আয়োজন করে। এ সব আয়োজনে অ্যাজাইল, সাইবার নিরাপত্তা, ডিজিটাল রূপান্তর ও ব্যবসায় বিশ্লেষণের সাম্প্রতিক প্রবণতাসহ বিভিন্ন বিষয় নিয়ে জ্ঞান বিনিময় করা হয়। পাশাপাশি নেটওয়ার্কিং অনুষ্ঠান ও বিভিন্ন সহযোগিতামূলক অংশীদারত্বের মাধ্যমে সদস্য, করপোরেট অংশীদার ও প্রযুক্তি খাতের নেতাদের যুক্ত করা হয়। প্রতিষ্ঠানটি নির্বাচিত পরিচালনা পর্ষদের মাধ্যমে নিজস্ব বিধিমালা অনুসরণ করে পরিচালিত হয়।

রুয়েটের সঙ্গে এ সমঝোতার মাধ্যমে ব্যবসায় বিশ্লেষণ বিষয়ে দক্ষতা উন্নয়ন, পেশাগত সুযোগ, গবেষণা ও শিল্প-একাডেমিয়া সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। আইআইবিএ বাংলাদেশের পেশাগত নেটওয়ার্কে রুয়েটের পরিচিতি ও দৃশ্যমানতা বাড়ানোর পাশাপাশি পেশাজীবী ও শিল্প সংশ্লিষ্টদের সঙ্গে রুয়েটের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের নেটওয়ার্কিংয়ের সুযোগও তৈরি হবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রুয়েট   আইআইবিএ   চুক্তি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close