জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় সুবিধাবঞ্চিত বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি এবং জীবনমান উন্নয়নে ৯৫টি গরু বিতরণ করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে ও বেসরকারি সংস্থা সোস্যাল ডেভেলপমেন্ট সার্ভিসের (এসডিএস) বাস্তবায়নে এ সব গরু বিতরণ করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগী নারীদের হাতে গরু তুলে দেন জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া।
এ উপলক্ষে এর আগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক-উর-রহমান।
আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ (রানা), পৌর বিএনপির সভাপতি মো. আফাজ উদ্দীন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টু, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা, সাবেক কমিশনার ও বিএনপি নেতা রফিকুল ইসলাম চপল এবং এসডিএসের নির্বাহী পরিচালক আয়েশা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া বলেন, ‘সুবিধাবঞ্চিত নারীদের আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করে তাদের স্বাবলম্বী করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। গরু পালনের মাধ্যমে উপকারভোগীরা নিয়মিত আয় করতে পারবেন। এতে তাদের পারিবারিক সচ্ছলতা বাড়ার পাশাপাশি জীবনমানেরও উন্নতি হবে।’
প্রকল্পের আওতায় জেলার প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কেকে/এআই