মিরপুরের রামিসা হত্যা মামলার মতো কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডেরও বিচার দ্রুত শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অপ্রতিমের মরদেহ উদ্ধার এবং পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। হত্যাকাণ্ডে জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো। তাদের বয়স নিহত অপ্রতিমের চেয়ে পাঁচ থেকে ১০ বছর বেশি।
তিনি জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোবাইল ফোন ও কিছু আলামত উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন হয়েছে। বর্তমানে ফরেনসিক অ্যানালাইসিসের কাজ চলছে।
পুলিশের ভূমিকার প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, ১২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারও দ্রুত শেষ হবে।
রামিসা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কুমিল্লার অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারও দ্রুত শেষ হবে। বিচার বিভাগ মামলাটিকে রামিসা হত্যা মামলার মতো গুরুত্ব দিয়ে দেখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অপরাধের কারণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে অপরাধের পেছনে মাদক ও জুয়ার সংশ্লিষ্টতা দেখা যায়। এসব সমস্যা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক ও পারিবারিক উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, শিশু-কিশোরদের জন্য মোটিভেশনাল কার্যক্রম বাড়াতে হবে। স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দেওয়া প্রয়োজন, যাতে তারা সঠিকভাবে বেড়ে উঠতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সমাজের সব সচেতন নাগরিকের দায়িত্ব রয়েছে।
অপরাধ সংঘটনের পর দ্রুত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অপরাধের বিচার হচ্ছে কি না, সেটিও দেখতে হবে। দায়িত্ব গ্রহণের পর জঘন্য অপরাধগুলো দ্রুততম সময়ে উদঘাটনের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
কেকে/ এমএস