টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজে ডেঙ্গুর প্রকোপ রোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা, পৌর ও কলেজ শাখা।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১ টায় কলেজ ক্যাম্পাসে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের শ্রেণিকক্ষ, মাঠের চারপাশ, ড্রেন ও পরিত্যক্ত জায়গায় জমে থাকা ময়লা-আবর্জনা, প্লাস্টিকের বোতল ও ডাবের খোসা পরিষ্কার করেন। যেখানে এডিস মশার লার্ভা জন্মাতে পারে এমন সব জায়গা ধ্বংস করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।
ধনবাড়ী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজন খানের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধনবাড়ী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইব্রাহিম হোসাইন, ধনবাড়ী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সুরুজ্জামান লিপু, কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজিব, উপজেলা ছাত্রদলের নেতা সাকিব, কলেজ শাখার আহ্বায়ক হীরাসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সুজন খান বলেন, ‘ডেঙ্গু এখন জাতীয় সমস্যা। ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে। আমাদের কলেজ ক্যাম্পাসকে মশামুক্ত ও পরিচ্ছন্ন রাখতে এবং শিক্ষার্থীদের সচেতন করতে আমাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও আমাদের এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’
অভিযানে কলেজের সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানান। কলেজ কর্তৃপক্ষও এ পরিচ্ছন্নতা অভিযানের প্রশংসা করেন।
কেকে/এআই