বান্দরবানের সদর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তার ফুফুর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নার্গিস সুলতানা কচি (৫২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার সুয়ালক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু তাইফা সুলতানা ওই এলাকার টিপু খানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে তাইফাকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও শিশুটির নিখোঁজের খবর ছড়িয়ে দেওয়া হয়। পরে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এরপর বিকেলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পাশের বাড়িতে থাকা তাইফার ফুফু নার্গিস সুলতানা কচির বাসায় শিশুটির মরদেহের সন্ধান পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত নার্গিস সুলতানা কচি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তবে এ বিষয়ে চিকিৎসা-সংক্রান্ত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, আটক নার্গিস সুলতানা হত্যার দায় স্বীকার করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/সাশ