জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অপ্রধান শস্যদলের ২২ সদস্যের মাঝে ৮ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা ঋণ সহায়তা ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে পল্লী ভবন চত্বরে এ ঋণ সহায়তা বিতরণ করা হয়।
‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের আওতায় বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী মধ্যপাড়া অপ্রধান শস্যদলের সদস্যদের মধ্যে এ ঋণ বিতরণ করা হয়।
এ সময় ঋণগ্রহীতা ২২ সদস্যের প্রত্যেককে একটি করে পেয়ারা গাছের চারা দেওয়া হয়। ২০২৫-২০২৬ অর্থবছরে বিতরণকৃত ঋণ থেকে আদায়কৃত সেবামূল্যের ওপর দলের ম্যানেজারকে কমিশন প্রদান করা হবে।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনসহ বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী ও অপ্রধান শস্যদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘অপ্রধান শস্য (ডাল, তেল ও মশলা জাতীয় ফসল) উৎপাদন বৃদ্ধি ও বাজারজাতকরণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে এ ঋণ সহায়তা দেওয়া হয়েছে। সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঋণগ্রহীতা ২২ সদস্যের প্রত্যেককে একটি করে পেয়ারা গাছের চারা দেওয়া হয়েছে।’
কেকে/এআই